সওজের গোপালগঞ্জ কার্যালয়ের ভান্ডার কক্ষে আগুন
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ভান্ডার কক্ষে (স্টোর রুম) আগুন লেগে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। গত শনিবার সন্ধ্যা সতটার দিকে এ ঘটনা ঘটে।গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম দাবি করেন, কোনো ফাইল সম্পূর্ণ পুড়ে যায়নি। তাই কোনো ঘটনা আড়াল করার যে অভিযোগ উঠেছে তা ঠিক নয়। বিড়ি-সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।নুরুল ইসলাম বলেন, সন্ধ্যায় স্টোর রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে কার্যালয়ের লোকজন ও দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। এ ব্যাপারে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদৎ হোসেন জানান, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। বাইরে থেকে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দমকল বাহিনীর কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন দরজা খুলে আগুন নেভানোর চেষ্টা করছিলেন বলে জানান তিনি।