সওজের চার কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা তাঁদের সম্পত্তি রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন। গত মঙ্গলবার তাঁরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুমিল্লা, চাঁদপুর ও হাজীগঞ্জের চার কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।চাঁদপুর জেলা যুগ্ম জজ দ্বিতীয় আদালতে মামলাটি করেন এনায়েতপুর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪ ব্যক্তি। মামলার বিবাদীরা হলেন: সওজের কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী, হাজীগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী এবং গ্রামের প্রভাবশালী মো. জামাল হোসেন। মামলায় সম্পত্তি ইজারা দেওয়ার বিরুদ্ধে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে এক সপ্তাহের মধ্যে বিবাদীদের কারণ দর্শাতে বলেছেন।মামলার বাদীদের অভিযোগমতে, হাজীগঞ্জ পৌরসভার অধীনে এনায়েতপুর গ্রামে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে দুই একর ৬৯ শতক জমির পৈতৃক ও ক্রয়সূত্রে মালিক সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪ ব্যক্তি। বর্তমানে তাঁরা ওই জমিতে চাষাবাদ করছেন। গ্রামের প্রভাবশালী বাসিন্দা জামাল হোসেন সওজের স্থানীয় কর্মকর্তাদের যোগসাজশে ওই জমি সওজের দেখিয়ে সামাজিক বনায়নের নামে ইজারা নেওয়ার ব্যবস্থা করেন। ইতিমধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ নিয়ে গত সোমবার প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়।হাজীগঞ্জ সওজ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. হাবিবুর রহমান দাবি করেন, ওই সম্পত্তি সামাজিক বনায়নের জন্য দেওয়া হচ্ছে। এটি ইজারা বা লিজের পর্যায়ে পড়ে না। তা হলে জমিতে কীভাবে সামাজিক বনায়ন করা হবে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সম্পত্তি যাঁকে দেওয়া হবে, তিনি মাটি ভরাট করে এক বছরের মধ্যে বনায়ন না করতে পারলে আপনা-আপনিই চুক্তি বাতিল হয়ে যাবে। সংখ্যালঘু ব্যক্তিদের মামলার বিষয়ে কোনো নথিপত্র হাতে পাননি বলে জানান হাবিবুর।অভিযোগের বিষয়ে জানতে জামাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।