চট্টগ্রাম নগরের রহমতগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উঠান দখল করে কার্যালয় বানিয়েছে শ্রমিক লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ সড়ক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। সরকারি জায়গা দখল করে শ্রমিকসংগঠনের কার্যালয় নির্মাণের সুযোগ নেই, তাই কর্মকর্তাদের গাড়ির শেডের নামে কার্যালয়টি তৈরি করা হয়েছে। নির্মাণ-ব্যয়ও মিটিয়েছে সওজ। শুধু তা-ই নয়, সওজের ঢোকার পথে থাকা চারটি দোকানঘর ভাড়া দিয়ে অর্থ আদায় করছেন ইউনিয়নের নেতারা। সওজ সূত্র জানায়, নিজেদের শ্রমিক লীগের অঙ্গসংগঠন করতে গত ২৪ জানুয়ারি শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ডাকঢোল পিটিয়ে সম্মেলনের আয়োজন করে। এতে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক ও আ জ ম নাছির উদ্দিন বিশেষ অতিথি থাকবেন বলে প্রচারণাও চালানো হয়। তবে আ জ ম নাছির ছাড়া অন্য দুই নেতা সেখানে যাননি। নাম প্রকাশে অনিচ্ছুক সওজের বেশ কিছু কর্মচারী অভিযোগ করেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যাঁরা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা ছিলেন, তাঁরাই এখন শ্রমিক লীগের নাম ভাঙিয়ে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন গঠন করে নতুন কার্যালয় বানিয়েছেন। জানা গেছে, সওজের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, একজন নির্বাহী প্রকৌশলী এবং দুজন উপবিভাগীয় প্রকৌশলীর দপ্তর রয়েছে। ইউনিয়নের নতুন কার্যালয় প্রসঙ্গে সওজ চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ প্রথম আলোকে বলেন, শ্রমিকদের আগের কার্যালয়ে সবার স্থান সংকুলান হচ্ছিল না। তাই তাদের জন্য নতুন শেড নির্মাণ করা হয়েছে। সওজের কার্যালয়ে ঢোকার পথে বাঁ পাশে জাতীয়তাবাদী শ্রমিক দলের অঙ্গসংগঠন শ্রমিক ইউনিয়নের কার্যালয়। এরপর সওজের মূল ভবন। সেটি পেরিয়ে কার্যালয়ের পূর্ব পাশের খালি প্রায় তিন কাঠা জায়গায় ছয় মাস আগে নির্মাণ করা হয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কার্যালয়। অভিযোগ পাওয়া গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে এখানকার সব নেতা-কর্মীই বিএনপিপন্থী শ্রমিক ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। বর্তমান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি অরুণ কুমার বড়ুয়া বিএনপিপন্থী শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। সভাপতি নুরুন্নবী খান অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গেলে অরুণ বড়ুয়া সভাপতির পদ দাবি করেন। কিন্তু নুরুন্নবী তাতে অস্বীকৃতি জানালে অরুণ বড়ুয়া বিএনপি ও জামায়াতের কিছু কর্মচারী নিয়ে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন গঠন করেন। তিনি এ সংগঠনের সভাপতি এবং জামায়াত-সমর্থিত মো. শাহজাহানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সংগঠনের কার্যালয় তৈরির পর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা সওজের সামনের চারটি দোকান বরাদ্দ দেন। এসব দোকান থেকে প্রায় এক লাখ ৪০ হাজার টাকা অগ্রিম নেন তাঁরা। প্রতি মাসে ভাড়া আদায় করেন ২১ হাজার টাকা। সওজ সূত্র জানায়, সওজের সামনের দোকানগুলোর দখল নিয়ে অতীতে শ্রমিক দলের নেতাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। তাই ২০০৬ সালের জুলাইয়ে তৎকালীন নির্বাহী প্রকৌশলী এম ফিরোজ ইকবাল এসব দোকান বন্ধ করে দিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি লেখেন। চিঠিতে নির্বাহী প্রকৌশলী উল্লেখ করেন, সওজের সামনে বেশ কিছু অবৈধ স্থাপনা ও দোকানঘর থাকায় সুষ্ঠু ও নিরাপদে দাপ্তরিক কাজ করা যাচ্ছে না। তা ছাড়া একটি সরকারি প্রতিষ্ঠানের সামনে অবৈধ স্থাপনা থাকায় প্রায়ই ঝগড়া-বিবাদ ও অপ্রীতিকর ঘটনা ঘটছে। এসব দোকান উচ্ছেদ করে পুলিশ মোতায়েনের অনুরোধ করা হলো।চিঠি পাওয়ার পর তৎকালীন জেলা প্রশাসক দোকানগুলো সিলগালা করে দেন। এর পর থেকে প্রায় তিন বছর এগুলো বন্ধ ছিল। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সওজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি অরুণ কুমার বড়ুয়া ও তাঁর সহযোগীরা দোকানগুলো ভাড়া দেন।সওজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম সংসদের সভাপতি অরুণ কুমার দাবি করেন, ‘সওজ কর্তৃপক্ষ কার্যালয়টিকে গাড়ির শেড হিসেবে দেখিয়েছে। এখানে বিএনপির শ্রমিক ইউনিয়নের একটি কার্যালয় আছে। আমাদের বসার কোনো জায়গা নেই বলে এটি নির্মাণ করিয়েছি।’অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা সম্পর্কে অরুণ কুমার বলেন, ‘আমি সাধারণ সদস্য হিসেবে ছিলাম আর কি।’ দোকান বরাদ্দ ও ভাড়া আদায় প্রসঙ্গে তিনি বলেন, এগুলো কর্মচারীদের কল্যাণ তহবিলে জমা হয়। কোনো ব্যাংক হিসাব আছে কি না জানতে চাইলে কোনো জবাব দিতে পারেননি তিনি।