সওজের জমি দখল করে বসতঘর, হুমকিতে সড়ক
প্রথমে টংঘর তুলে সাইকেলের গ্যারেজ করেন এক ব্যক্তি। কিছুদিন পর পাশেই ছাপরা তুলে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি। এখন সেখানে ২৮টি পরিবারের বসবাস। অবৈধ এই আবাসন ঢাকা-বেনাপোল ভায়া নড়াইল সড়কের নড়াইল সদর উপজেলার বাসভিটা এলাকায়। ওই এলাকার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি অবৈধভাবে দখল করে পরিবারগুলো বসবাস করছে। শুধু তা-ই নয়, এসব পরিবারের সদস্যরা ঢালের মাটি কেটে বাড়ি করায় ওই সড়ক হুমকির মুখে পড়েছে। সওজের নড়াইল কার্যালয় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।সরেজমিন দেখা গেছে, জেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ২৮টি পরিবার বসতঘর তুলে বসবাস করছে। আরও কমপক্ষে চারটি পরিবার বসবাসের প্রক্রিয়া শুরু করেছে। সড়কের ঢালের মাটি কেটে বসতঘরগুলো নির্মাণ করা হয়েছে। গোসলসহ পরিষ্কার ও ধোয়া-মোছার কাজ করার জন্য পাশেই পুকুরের মতো করে বড় গর্ত করা হয়েছে। সরকারি জায়গা দখল করে বসতি স্থাপনকারী এসব পরিবারের বেশির ভাগ সদস্য মাদক ব্যবসা, ছিনতাইসহ নানা অপকর্মে লিপ্ত বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কোমখালী গ্রামের ধলা মিয়ার নেতৃত্বে আকবর শেখ, ফিরোজ, রবিউল, সরোয়ার বিশ্বাস, গফ্ফার, রিপন বিশ্বাস, আজিজুর রহমান, আমিনুর গাজীসহ কয়েকজন সেখানে বসতঘর তৈরি করেন। সওজ পদক্ষেপ না নেওয়ায় ধীরে ধীরে সেখানে আরও বেশ কয়েকটি পরিবার বসতঘর করে।দখলকারী আমিনুর গাজী বলেন, ছয় মাস আগে তিনি পরিবারের সদস্যদের নিয়ে এখানে বসবাস শুরু করেন। কী করেন জানতে চাইলে তিনি বলতে চাননি। আমিনুর তাঁর ঘরের পাশে সড়কের পাদদেশে একটি পুকুরও খনন করেছেন। শুধু তা-ই নয়, সড়কের পাশের সরকারি খালের দুটি স্থানে বাঁধ দিয়ে খালও দখল করেছেন। তিনি বলেন, পানির অভাব থাকায় পারিবারিক কাজের জন্য একটি ছোট গর্ত করেছেন, কোনো পুকুর কাটেননি। পানি ধরে রাখার জন্য খালের দুই পাশে বাঁধ দিয়েছেন। শিগগিরই তিন বাঁধ সরিয়ে ফেলবেন। বাসভিটা গ্রামের রণজিৎ বিশ্বাস জানান, ধলা মিয়া আট বছর আগে সড়কের উত্তর পাশের গাছতলায় একটি টংঘর তুলে সাইকেল গ্যারেজ করেন। কিছুদিন পর ওই টংঘরের পাশে একচালা একটি টিনের ছাপড়া তুলে সেখানে মসজিদের সাইনবোর্ড টাঙিয়ে দেন। কয়েক মাস পর ধলা মিয়া পরিবারের সদস্যদের নিয়ে মসজিদের পাশেই বসবাস শুরু করেন। এক বছর না যেতেই ধলা মিয়া পরিচিত কয়েকটি পরিবারকেও সেখানে এনে বসবাস করার সুযোগ করে দেন।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, এসব পরিবারের বেশির ভাগ সদস্য মাদক ব্যবসা থেকে শুরু করে নানা অপকর্মে লিপ্ত। এর প্রতিবাদ করলে ওই পাড়ার লোকজন তাঁদের হুমকি দেয়। ধলা মিয়া বলেন, তিনি গরিব মানুষ। গ্রামে বসবাসের কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে এখানে ঘর তুলেছেন। তবে রাস্তার কোনো ক্ষতি করেননি। তিনি দাবি করেন, সরকারি লোকজন বা জনপ্রতিনিধি কেউই তাঁদের কাছে এসে ঘরবাড়ি তৈরি বা মাটি কাটতে নিষেধ করেননি। কোনো প্রকার জিজ্ঞাসাবাদও করেননি। সওজের নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কবীর উদ্দিন আহমেদ জানান, তিনি দায়িত্ব নিয়ে নড়াইলে নতুন এসেছেন। এ ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব আইনানুগ ব্যবস্থা নেবেন।