সওজের জমি বরাদ্দ দিচ্ছেন শ্রমিক লীগের নেত্রী!
নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), মানিকগঞ্জের মালিকানাধীন প্রায় ২০ কোটি টাকার জমি বেহাত হয়ে গেছে। ওই জমি স্থানীয় কিছু লোককে বরাদ্দ দিয়ে লাখ লাখ টাকা অবৈধভাবে আয় করছেন জাতীয় শ্রমিক লীগের বগুড়া জেলা শাখার মহিলাবিষয়ক সম্পাদিকা পরিচয়দানকারী ডা. মুর্শিদা হাসান। পাশেই প্রায় ১৫ কোটি টাকা মূল্যের আরও ১০০ শতাংশ জমি দখলে রেখে সেখানে সাইনবোর্ড টাঙিয়ে রেখেছেন অবসরপ্রাপ্ত এক সামরিক কর্মকর্তা। সওজের দাবি, এই জমিও তাদের। মুর্শিদা সওজের মালিকানাধীন ওই জমি বনায়নের জন্য বন্দোবস্ত নিয়েছেন দাবি করলেও এর পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। সওজ, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, সড়ক নির্মাণের জন্য ১৯৬৪ ও ১৯৬৫ সালে সওজ দক্ষিণ পানিশাইল মৌজার ৪৩ দশমিক ছয় একর জমি অধিগ্রহণ করে। এর মধ্য থেকে আশুলিয়া থানার অদূরে এক একরের বেশি জমি বনানয়নের জন্য বন্দোবস্ত চেয়ে সম্প্রতি সওজ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন ডা. মুর্শিদা হাসান। কিন্তু বন্দোবস্ত পাওয়ার আগেই তিনি ওই জমি দখল করে একটি টিনসেড ঘর নির্মাণ করেন এবং বাকি জমি প্লট আকারে বরাদ্দ দেন। মুর্শিদার কাছ থেকে মৌখিকভাবে বরাদ্দ পেয়ে সেখানে ৩০টির মতো আধাপাকা ঘর নির্মাণ করছেন স্থানীয়রা। এ ছাড়া বাশের খুঁটি পুঁতে সীমানা করে দখলে রাখা হয়েছে আরও বেশ কিছু জমি। আর পাশের একটি ফিলিং স্টেশনের কাছে সাইনবোর্ড টাঙিয়ে ১০০ শতাংশ জমি দখলে রেখেছেন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার নাজিরুল আলম। স্থানীয়রা অভিযোগ করেন, মুর্শিদা হাসান শুধু সওজের জমিই নয়, দক্ষিণ পানিশাইল মৌজার খাস খতিয়ানভুক্ত সরকারি মালিকানাধীন জমিও দখল করে মৌখিকভাবে বরাদ্দ দিয়ে টাকা নিচ্ছেন। আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, মুর্শিদার কাছ থেকে তিনি সাত লাখ টাকায় সওজের মালিকানাধীন জমি থেকে ২৫ শতাংশ জমি বরাদ্দ পাওয়ার জন্য দেড় লাখ টাকা অগ্রিম দিয়েছেন। এরপর মুর্শিদার অনুমতি নিয়ে তিনি ওই জমি তাঁর দখলে রেখেছেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ পানিশাইল মৌজায় সওজের মালিকানাধীন এক একরেরও বেশি জমি স্থায়ী বন্দোবস্ত পাওয়ার কথা বলে মুর্শিদা আরও অনেকের কাছ থেকেই টাকা নিয়েছেন।মুর্শিদা বলেন, ‘সেখানে এক একরের ওপর জমি সওজ থেকে বনায়নের জন্য স্থায়ী বন্দোবস্ত নিয়েছি। ওই জমি আমি গরিব মানুষের মধ্যে বিতরণ করেছি। এ জন্য কারও কাছ থেকে টাকা নিইনি।’ তবে বন্দোবস্তের কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। একই মৌজা থেকে খাসজমি প্লট আকারে বিক্রির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমি দলের ত্যাগী নেতা। টাকার জন্য কিছু করি না। গরিব মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্যই খাসজমি বিতরণ করে দিয়েছি।’উইং কমান্ডার (অবঃ) নাজিরুল আহসান বলেন, ‘দক্ষিণ পানিশাইল মৌজায় সরকারের কাছ থেকে নিবন্ধনমূলে আমি ১০০ শতাংশ জমির মালিক। বর্তমানে ওই জমি আমার দখলে, তা নিয়ে সরকারের সঙ্গে মামলা চলছে।’ সওজ মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, বনানয়নের জন্য ডা. মুর্শিদা জমি বন্দোবস্ত চেয়ে আবেদন করেছিলেন। তাঁকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এরপরও তিনি লোকজন নিয়ে ওই জমি দখল করে সেখানে অবৈধভাবে আধাপাকা ও টিনসেড ঘর নির্মাণ করছেন। এসব অবৈধ স্থাপনা ভেঙে ফেলার জন্য সওজের পক্ষ থেকে তাঁকে দুবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তিনি সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন। এ ছাড়া উইং কমান্ডার নাজিরুল আহসানের দখলে থাকা জমি নিয়েও আদালতে মামলা থাকার বিষয়টি তিনি নিশ্চিত করেন।