সওজের জমিতে অবৈধ স্থাপনা তুলে ব্যবসা-বাণিজ্য
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর নিচে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে তাতে অবৈধ স্থাপনা তোলা হয়েছে। প্রভাবশালী কিছু ব্যক্তি এসব স্থাপনা তুলে তাতে কেউ কেউ নিজে ব্যবসা করছেন, আবার কেউ অন্যের কাছে ভাড়া দিয়ে লাভবান হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, শেখ কামাল সেতুর কলাপাড়া অংশের নিচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে দক্ষিণ দিকের আন্ধারমানিক নদ পর্যন্ত জায়গা দখল করে ২৫-৩০টি অবৈধ স্থাপনা তোলা হয়েছে। এসব অবৈধ স্থাপনায় গড়ে তোলা হয়েছে ওষুধের দোকান, চা-পানের দোকান, ফ্লেক্সিলোডের দোকান, ওয়ার্কশপ ও খাবার হোটেল। এমন অবস্থা শুধু শেখ কামাল সেতু এলাকার নয়, একই সড়কের হাজিপুর-পুরান মহিপুর পয়েন্টে শেখ জামাল এবং মহিপুর-আলীপুর পয়েন্টে শেখ রাসেল সেতুর নিচেও রয়েছে। এ দুটি পয়েন্টে অন্তত ১০০ অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। তা ছাড়া শেখ কামাল সেতুর উত্তর অংশের সামনেই রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আবদুল মান্নান বলেন, ‘অবৈধ দখলদারদের কারণে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটক ঢেকে গেছে। তা ছাড়া সড়ক সংকুচিত হয়ে যাওয়ায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়। এতে আসলেই আমাদের সমস্যা হচ্ছে। আমরা কর্তৃপক্ষের কাছে এর একটা সুরাহা করার জন্য বলব।’
কলাপাড়ার নাগরিক অধিকার সংগ্রাম কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের কথা চিন্তা করে শেখ কামাল সেতুর নিচের এসব স্থাপনা উচ্ছেদ করে সড়কটি যানবাহন চলাচলের জন্য নিরাপদ করার দাবি জানাই। তা ছাড়া এসব স্থাপনা উচ্ছেদ করলে ওই এলাকার সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কলাপাড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ অক্টোবর সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে অবৈধ দখলদারদের এসব স্থাপনা উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন স্বাক্ষরিত ওই নির্দেশনা কোনো কাজে আসেনি। একটি স্থাপনাও অপসারণ করা হয়নি।
পটুয়াখালী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, এর আগেও অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। কেউ কথা শোনেননি। আগামী জুলাই মাস নাগাদ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হবে।