সওজের জমিতে আ.লীগ বিএনপি নেতাদের পুকুর
হস্তান্তরের আগেই নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ৪০ হেক্টর জমি নামমাত্র মূল্যে ইজারা নিয়ে পুকুর কেটে মাছ চাষের উদ্যোগ নিয়েছেন। এতে নাটোর-বগুড়া মহাসড়ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সওজ নাটোর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বাংলা সন (১৪১৯) থেকে আগামী তিন বছরের জন্য নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া শহর থেকে চৌগ্রাম পর্যন্ত ৪০ হেক্টর জমি ইজারা নিয়েছেন স্থানীয় আশরাফুল ইসলাম। ইজারামূল্য ধরা হয়েছে মাত্র আট লাখ ৭২ হাজার ৩০০ টাকা। ইজারাগ্রহীতা এই জমির আকার-আকৃতি পরিবর্তন না করে কৃষিকাজে অথবা মাছ চাষে ব্যবহার করতে পারবেন। গত ৫ জুলাই পর্যন্ত এই কাগজপত্র ইজারাগ্রহীতার কাছে হস্তান্তর করা হয়নি। এ কারণে ওই জমির দখলও হস্তান্তর করা হয়নি।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, হস্তান্তরের আগেই ইজারাগ্রহীতা ওই জমি আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা এবং বিএনপির এক নেতার কাছে উপ-ইজারা (সাব-লিজ) দিয়েছেন। তাঁরা হলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সিরাজ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল ওয়াদুদ মোল্লা, সিংড়া পৌর যুবলীগের সদস্য মোল্লা ফারুক এবং সিংড়া পৌর বিএনপির দমদমা ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিন। তাঁরা ইতিমধ্যে সড়কসংলগ্ন উভয় পাশের জমি ভাগাভাগি করে দখলে নিয়েছেন। আবদুল ওয়াদুদ মোল্লা তাঁর অংশের প্রায় ৩২ বিঘা জমিতে খননযন্ত্র দিয়ে মাটি কেটে পুকুর বানিয়েছেন। অপর ইজারাগ্রহীতারাও যন্ত্র দিয়ে মাটি উঠিয়ে পাড় বেঁধে পুকুর বানানোর কাজ শুরু করেছেন। এলাকাবাসীর অভিযোগ, অস্বাভাবিক কম দরে ওই জমি ইজারা দেওয়া হয়েছে। বর্তমানে এখানকার প্রতি বিঘা জমি প্রতিবছরের জন্য ছয়-সাত হাজার টাকায় ইজারা দেওয়া হচ্ছে। এ হিসাবে ৪০ হেক্টর জমির তিন বছরের ইজারামূল্য হওয়ার কথা ৬৬ লাখ থেকে ৭৭ লাখ টাকা। অথচ মাত্র পৌনে নয় লাখ টাকায় এত বিপুল পরিমাণ জমি ইজারা দেওয়া হয়েছে।সওজের নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাদেশ আলী বলেন, নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে জমি ইজারা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি। আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার আগেই ইজারাগ্রহীতা ওই জমি দখলে নিয়ে অন্যের কাছে হস্তান্তর করে অন্যায় করেছেন। একই সঙ্গে জমির আকার-আকৃতি পরিবর্তন করে তিনি চুক্তির শর্ত লঙ্ঘন করেছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। তিনি আরও জানান, সড়কের পাশের জমি খনন করা হলে তা সড়কের জন্য বিপজ্জনক হতে পারে। এটাও খতিয়ে দেখা হবে।ইজারাগ্রহীতা আশরাফুল ইসলাম বলেন, এত জমি একার পক্ষে দেখাশোনা করা সম্ভব না হওয়ায় তিনি সাব-লিজ দিয়েছেন। জমিতে বন্যার পানি ঢুকে পড়ায় তড়িঘড়ি করে দখল বুঝে নেওয়া হয়েছে। কারণ এসব জমিতে মাছ চাষ শুরু করার এখনই সময়। আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন বলেন, সড়কের পাশের জমির এক পাশে কোনো বাঁধ নেই। তাই মাছ আটকে রাখার জন্য মাটি উঠিয়ে পুকুরের পাড় বানানো হয়েছে। এতে সড়কের কোনো ক্ষতি হবে না। আবদুল ওয়াদুদ মোল্লা বলেন, মাটি কাটায় জমির ইজারামূল্য বাড়বে। মোল্লা ফারুক বলেন, ‘আমরা তো সারা জীবনের জন্য জমির দখল নিচ্ছি না। মাছ চাষ করার জন্য যা যা দরকার তাই করছি। এতে তো প্রশাসন বাধা দেয়নি।’ বিএনপি নেতা ময়েন উদ্দিন জমিতে বাঁধ দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সড়ক থেকে অনেক দূরে মাটি কেটেছি। এতে সড়কের অসুবিধা হওয়ার কথা না। তবে প্রশাসন নিষেধ করলে আমরা আর কাটব না।’