সওজের জমিতে আ.লীগের কার্যালয়, বাসের কাউন্টার
পঞ্চগড়ের বোদা-নীলফামারী আঞ্চলিক মহাসড়কের দেবীগঞ্জ উপজেলা সদরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে ও বিদ্যালয়ের পাশে আওয়ামী লীগের কার্যালয় ও বাসের ১০টি টিকিট কাউন্টার করা হয়েছে। এতে শিক্ষার্থীসহ পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছে। অথচ সওজ এ বিষয়ে কিছুই জানে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের পাশে এসব কাউন্টার ও দলীয় কার্যালয় নির্মাণ করায় শিক্ষার্থী, সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। বিশেষ করে ছাত্রীদের অনেক সময় বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয় বলে নিজ মেয়ের কাছ থেকে তিনি অভিযোগ পেয়েছেন।
অলদিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, ‘আমাদের যাতায়াত করতে অসুবিধায় পড়তে হয়। পরিবহনশ্রমিকদের নানা ধরনের কথা শুনতে হয়।’
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টির সামনে মহাসড়কের পাশে আন্তজেলা বাসের ১০টি কাউন্টার ও দেবীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় বানানো হয়েছে। বাস কাউন্টারগুলোর মধ্যে রয়েছে মুক্তি এন্টারপ্রাইজ, আনিতা এন্টারপ্রাইজ, মায়ের আঁচল পরিবহন, খালেক এন্টারপ্রাইজ, নাদের পরিবহন, স্বপ্না-শান্ত পরিবহন, ভাই ভাই এন্টারপ্রাইজ, মিথিলা পরিবহন, রূপসী পরিবহন ও মেহেরুন ক্ল্যাসিক। এতে বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগের কর্মী-সমর্থক ও পরিবহনশ্রমিক ও যাত্রীদের ভিড় লেগেই থাকে।
উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘কাউন্টারগুলো আগে বিজয় চত্বর ও দেবদারুতলায় ছিল। দুই বছর আগে বোদা-নীলফামারী সড়ক সম্প্রসারণের সময় স্থানীয় সাংসদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে এখানে আনা হয়েছে। এ সুযোগে অনেকেই খুঁটি গেড়ে জায়গা দখল করছে।’
দেবীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর নেওয়াজ জানান, ইউএনওর পরামর্শে এখানে আওয়ামী লীগের কার্যালয় করা হয়েছে।
তবে ইউএনও মাহবুবুল আলম জানান, এমন পরামর্শ তিনি কাউকে দেননি।
পঞ্চগড় সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রশীদ বলেন, ‘জমি দখলের বিষয়টি জানা নেই। তা ছাড়া সরকারি সম্পত্তিতে কেউ ঘর ওঠালে তা দখল হয়ে যায় না। খোঁজখবর নিয়ে অবৈধভাবে জমি দখলকারীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হবে। এর পরও কাজ না হলে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’