সওজের জমিতে মেয়রের স্থাপনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তাহার পৌরসভার মেয়রের বিরুদ্ধে সান্তাহার-নওগাঁ সড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে মাছের আড়তের জন্য স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মেয়র ও কাউন্সিলরদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ওই এলাকার কাউন্সিলর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে।এলাকাবাসী এবং সান্তাহার পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলদের অভিযোগ, মেয়র তোফাজ্জল হোসেন পৌর পরিষদের অনুমোদন ছাড়াই তাঁর নিজের লোক দিয়ে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। রাধাকান্ত হাটের পাশে সান্তাহার-নওগাঁ বাইপাস সড়ক ঘেঁষে, সওজের জমির ওপর উঠছিল ওই স্থাপনা। কিন্তু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুবুল আলম তালুকদার এর বিরোধিতা করেন। এর পরও মেয়রের লোকজন কাজ চালিয়ে গেলে গত সোমবার মাহাবুবুল আলম নিজে গিয়ে কাজ বন্ধ করে দেন।মাহাবুবুল আলম অভিযোগে করেন, মাছের আড়তের জন্য স্থাপনা নির্মাণ করা হবে—বিষয়টি পৌর পরিষদের কোনো সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেননি মেয়র। তিনি বলেন, ওই স্থানে বাজার করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক হাটখোলা এলাকার এক বাসিন্দা বলেন, মাছের আড়ত করতে যে পরিমাণ জায়গা দখল করা হয়েছে তা বিশাল। এত বিপুল পরিমাণ জায়গার কোনো প্রয়োজন রয়েছে বলে মনে হয় না।সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম বলেন, ‘পৌরসভার কাজ অবৈধ দখলদারদের উচ্ছেদ করা। কিন্তু পৌর কর্তৃপক্ষ যদি নিজেই অবৈধভাবে সরকারি জায়গা দখল করে, তাহলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে?’সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন দাবি করেন, ওই স্থানে স্থাপনা নির্মাণের বিষয়ে পৌর পরিষদের সভা হয়েছে। তিনি বলেন, বিষয়টি সভার আলোচ্যসূচিতে না থাকলেও বিবিধে আলোচনা করা হয়েছে। সওজের জায়গা দখল বিষয়ে মেয়র বলেন, পৌরসভা তার প্রয়োজনে সওজ বিভাগের যেকোনো জায়গা দখলে নিয়ে স্থাপনা করতে পারে। এ বিষয়ে ওই বিভাগের চিঠি রয়েছে। রাস্তার পাশে একটি ঝুঁকিপূর্ণ স্থানে মাছের আড়ত তৈরির যৌক্তিকতা প্রসঙ্গে মেয়র তোফাজ্জল হোসেন বলেন, পৌরসভার আয় বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।তবে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কুদ্দুস বলেন, স্থাপনা নির্মাণ প্রসঙ্গে পৌর পরিষদের সভায় কোনো আলোচনা হয়নি। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মজিবর রহমান বলেন, ‘এ বিষয়ে কিছুই জানি না। পৌর পরিষদের অনুমোদন ছাড়া মেয়র কী করে একা মার্কেট নির্মাণ করছেন!’ বগুড়া সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, মেয়র সাহেব সওজের জায়গা নিয়ে যে আইনের কথা বলেছেন, তা ঠিক নয়। পৌরসভা কোনোভাবেই সওজের জায়গা দখল করতে পারে না। এর পরও যদি তা করা হয়, তা হবে অবৈধ। তিনি আরও বলেন, পরিদর্শন করে প্রয়োজনে ওই স্থাপনা ভেঙে দেওয়া হবে।