সওজের জমিতে যুবলীগ নেতার ভবন

টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের স্টেশন রোড এলাকায় ফরিদপুর জনকল্যাণ সমিতির নামে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমি দখল করে গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফারুক হোসেনের নেতৃত্বে দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ভবনের নিচতলা যাত্রীবাহী বাস এনা ট্রান্সপোর্টের কাছে ভাড়া দেওয়া হয়েছে।
এনা কোম্পানির দেখাদেখি ভবনের পূর্ব পাশে সওজের জায়গায় আরও কয়েকটি পরিবহন কোম্পানি টিনের ঘর নির্মাণ করে টিকিট বিক্রি করছে। এসব ঘর ইটের দেয়াল দিয়ে স্থায়ী করার পাঁয়তারা চলছে। তবে এদের কাছ থেকেও প্রতি মাসে ফারুক হোসেন ও জেলা যুবলীগের সহসভাপতি খোরশেদ আলম ভাড়া নিচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, টঙ্গী মডেল থানার সামনে ওই দ্বিতল ভবন অবস্থিত। ভবনের পশ্চিম পাশ দিয়ে টঙ্গী শিল্পাঞ্চলের মেঘনা রোড। ভবনের নিচতলায় এনার কাউন্টার ও পূর্ব পাশে এরাবিয়ান উত্তরা পরিবহন, কর্ডোভা পরিবহন, বিআরটিসি, বাদশা পরিবহন, কালীগঞ্জ ট্রান্সপোর্ট, পিপিএল সুপার, চলনবিল পরিবহন ও উত্তরা পরিবহন কোম্পানি টিনের ঘর তৈরি করে টিকিট বিক্রয় করছে। এখানে প্রায় সময় বাস দাঁড়ানো থাকে। এতে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশাপাশি ১০০ গজ দূরে অবস্থিত ঢাকা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কেও যানজটের সৃষ্টি হয়। ভবনের সামনে বাসজটের কারণে থানার সামনের রাস্তায় প্রায় সময় যানজট থাকে। এ যানজট নিরসনে পুলিশ মেঘনা রোডে লোহার প্রতিবন্ধকতা দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত ফরিদপুর জনকল্যাণ সমিতির নাম ভাঙিয়ে মো. ফারুক হোসেন এখানে ভবন নির্মাণ করেছেন। এ ছাড়া তিনি ও খোরশেদের মদদে ভবনের পূর্ব পাশের বাস কাউন্টারগুলো ইট দিয়ে স্থায়ীভাবে নির্মাণের পাঁয়তারা চলছে।
সওজ টঙ্গী উপবিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১১ সেপ্টেম্বর যুবলীগের নেতা মো. ফারুক হোসেনের নেতৃত্বে ওই ভবনের নির্মাণকাজ শুরু হয়। ওইদিনই সওজের উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম চিঠি দিয়ে গাজীপুর উপবিভাগীয় প্রকৌশলীকে বিষয়টি অবহিত করেন ও টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পাশাপাশি ভবন ভাঙার নোটিশ দেওয়া হয়। কিন্তু দখলকারীরা ভবন না ভেঙে উল্টো ওই বছরের ১০ নভেম্বর নির্মাণাধীন ভবনের ৯০০ বর্গফুট জায়গা ফরিদপুর জনকল্যাণ সমিতির নামে ইজারার জন্য আবেদন করেন। কিন্তু সওজ তাঁদের আবেদনে সাড়া না দিয়ে ভবন ভাঙার নোটিশ দেয়।
এনা ট্রান্সপোর্টের টঙ্গী বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘ভবন কার বা কীভাবে নির্মিত হয়েছে, তা আমরা জানি না। তবে আমরা ছয় লাখ টাকা জামানত ও প্রতি মাসে ৩০ হাজার টাকা ভাড়ার বিনিময়ে ফারুক হোসেনের কাছ থেকে ওই জায়গা ভাড়া নিয়েছি।’
বাদশা পরিবহনের ব্যবস্থাপক মো. মানিক জানান, তাঁরা অন্যের দেখাদেখি বাস কাউন্টার নির্মাণ করেছেন। তবে কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় তা ভেঙে দেবেন। অন্য বাস কাউন্টারের তত্ত্বাবধায়কেরাও একই কথা জানান।
এ ব্যাপারে মো. ফারুক হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো ভাড়া নিই না, কমিশনে এনা কোম্পানির টিকিট বিক্রি করি। আর কমিশনের টাকায় সমিতির পিয়ন-টিয়নের বেতন চলে।’
তবে খোরশেদ আলম বলেন, ‘আমি বাস কাউন্টার থেকে কোনো ভাড়া নিই না।’ ফরিদপুর জনকল্যাণ সমিতির নামে জমিটি বরাদ্দের জন্য আবেদন করেও ব্যর্থ হওয়ার বিষয়টি স্বীকার করে সমিতির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন বলেন, ‘সমিতির যেসব সদস্য ভবন নির্মাণে অর্থ বিনিয়োগ করেছেন, তাঁরাই ভবনের দেখভাল ও আয় থেকে সুবিধা ভোগ করছেন।’
সওজের টঙ্গী কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, আঞ্চলিক মহাসড়কের পাশে এভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জমি ইজারা দেওয়ার বিধান নেই। তাই তাঁরা ভবন ভাঙার নোটিশ দিয়েছেন।