সওজের জমিতে যুবলীগ নেতার মার্কেট নির্মাণ
রাজধানীর উপকণ্ঠ সাভারের গেন্ডায় ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রায় দুই বিঘা জমি দখল করে সেখানে মার্কেট নির্মাণ করছেন যুবলীগের এক নেতা। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই দোকান বরাদ্দের নামে মোটা অঙ্কের টাকাও আদায় করছেন তিনি। অনুসন্ধানে জানা গেছে, সাভার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মাস খানেক আগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডসংলগ্ন সওজের মালিকানাধীন প্রায় দুই বিঘা নিচু জায়গা মাটি ফেলে ভরাট করেন। এরপর সেখানে অর্ধশতাধিক কাঁচা ঘর নির্মাণ করেন। ৩০ থেকে ৫০ হাজার টাকা জামানত নিয়ে ব্যবসায়ীদের কাছে ওই সব ঘর বরাদ্দও দিচ্ছেন তিনি।গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে গেন্ডা বাসস্ট্যান্ডসংলগ্ন মহাসড়কের পূর্ব পাশে মার্কেট নির্মাণ করতে দেখা যায়। বাঁশের খুঁটি আর টিন দিয়ে তৈরি ওই সব দোকানঘরের আয়তন ১০ থেকে ৮ বর্গফুট। এসব দোকানের মেঝে পাকা করার প্রস্তুতি চলছে।জানতে চাইলে নির্মাণশ্রমিক আল মামুন জানান, যুবলীগের নেতা আমিনুলের কথামতো তাঁরা ঘর নির্মাণ করছেন। ওই মার্কেটের সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই। এ সময় নাম প্রকাশ না করে কয়েকজন ব্যবসায়ী জানান, তাঁরা দোকানের বরাদ্দ নেওয়ার জন্য আয়তনের ওপর ভিত্তি করে ৩০ থেকে ৫০ হাজার টাকা জামানত দিয়েছেন। সাভার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম তাঁদের কাছ থেকে ওই টাকা নেন। এ জন্য ওই নেতা তাঁদের কোনো দলিলাদি দেননি।যোগাযোগ করা হলে আমিনুল ইসলাম বলেন, স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের অনুমতি নিয়ে মার্কেট নির্মাণ করা হয়েছে। সওজের কোনো অনুমতি নেওয়া হয়নি।এ প্রসঙ্গে সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, ‘যুবলীগের নেতা আমিনুল মার্কেট নির্মাণ নিয়ে আমার সঙ্গে আলাপ করেছিলেন। আমি তাঁকে সওজের অনুমতি ছাড়া মার্কেট নির্মাণ করতে বারণ করে দিয়েছি। সওজের অনুমতি ছাড়া মার্কেট নির্মাণ করলে তাঁর দায়ভার তাঁকেই বহন করতে হবে।’যোগাযোগ করা হলে ঢাকা সড়ক বিভাগের কল্যাণপুর উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবদুল জলিল প্রামাণিক বলেন, সওজের পক্ষ থেকে আমিনুল ইসলামকে মার্কেট নির্মাণে বাধা দেওয়া হয়। এর পরও তিনি গোপনে সেখানে মার্কেট নির্মাণ করেছেন। তিনি বলেন, ‘মার্কেট নির্মাণের বিষয়টি আমাদের গোচরে আসার পর তাঁকে মার্কেটটি ভেঙে নেওয়ার জন্য মৌখিকভাবে সময় দেওয়া হয়েছে। আগামী রোববারের মধ্যে মার্কেট না ভাঙলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।’