সওজের জায়গা থেকে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের মাতামুহুরী সেতুর দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
স্থানীয় লোকজন জানিয়েছেন, চকরিয়া উপজেলা পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিনের নেতৃত্বে ক্ষমতাসীন দলের কতিপয় নেতা-কর্মী দলের প্রভাব খাটিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মাতামুহুরী সেতুর পাশে সওজের প্রায় কোটি টাকা মূল্যের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন। সওজের কর্মকর্তারা বাধা দিলে রিয়াজ উদ্দিনের লোকজন উল্টো তাঁদের ওপর হামলা চালানোর চেষ্টা করে।
রিয়াজ উদ্দিন বলেন, ‘পরিত্যক্ত জায়গায় আমরা শ্রমিকসংগঠনের একটি অফিস করতে চেয়েছি। এখানে কারও প্রভাব আমরা খাটাইনি।’
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোয়াজ্জম হোসাইন বলেন, ‘চকরিয়া পিকআপ শ্রমিক ইউনিয়নের নাম ভাঙিয়ে সওজের ৫০ শতক জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে। এ ছাড়াও জমজম হাসপাতালের সামনে ইউনিয়ন পিরষদের (ইউপি) সাবেক সদস্য ইলিয়াছের লোকজন সওজের জায়গায় আরও একটি স্থাপনা নির্মাণ করছে। গতকাল বুধবার সেখানে অভিযান চালিয়ে ওই সব স্থাপনা উচ্ছেদ করা হয়।