সওজের জায়গা দখল করে অবৈধ বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ব্রিজ রোড এলাকায় সড়ক ও জনপদের (সওজ) জায়গা দখল করে অবৈধভাবে বাজার স্থাপনের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের স্থানীয় নেতারা বর্তমানে ওই বাজার নিয়ন্ত্রণ করছেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে নেতারা বাজারে আলুর সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৫ সালে বিএনপি সরকারের আমলে বিএনপির স্থানীয় নেতা ইমান উল্লাহর লোকজন আগানগর ব্রিজ সড়ক এলাকায় সওজের ৫২ কাঠা জমি অবৈধভাবে দখল করে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের কাছ থেকে খাস আদায়ের নামে বাজার গড়ে তোলেন। পরবর্তীকালে ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা অবৈধ বাজারটি খাস আদায়ের নামে পরিচালনা করছেন। আওয়ামী লীগ নেতারা প্রতিদিন গড়ে এক হাজার টাকা হারে খাস আদায় করে উপজেলা প্রশাসন কোষাগারে জমা দিচ্ছেন।
স্থানীয় লোকজনের অভিযোগ, একদিকে বাজারটি সওজের জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। অন্যদিকে প্রতিদিন যে হারে টাকা জমা দেওয়া হচ্ছে তার চেয়ে ১০ গুণ বেশি অর্থ বাজার থেকে আদায় হচ্ছে। আওয়ামী লীগের আগানগর ইউনিয়ন শাখার সভাপতি মীর আসাদ হোসেনের নিয়ন্ত্রণাধীন আওয়ামী লীগের স্থানীয় নেতারা বাজারের টাকা ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছেন। এ ছাড়া বাজারে আলু বিক্রেতারাও বাজার নিয়ন্ত্রণকারী ব্যক্তিদের কাছে জিমিঞ্চ হয়ে পড়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আলু বিক্রেতা জানান, কৃষক লীগের দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম নূরু ও আওয়ামী লীগ সমর্থক সেকু মিয়াসহ বেশ কয়েকজন বাজারে আলুর সিন্ডিকেট গড়ে তুলেছেন।
কয়েকজন আলু বিক্রেতা জানান, তাঁরা ঢাকার আশপাশের এলাকার পাইকারি আড়ত থেকে আলু সংগ্রহ করতে পারছেন না। বাজার নিয়ন্ত্রণকারীদের কাছ থেকে প্রতি কেজি আলু দুই টাকা বেশি দরে কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে তাঁদের দুই টাকা বেশি দরে আলু বিক্রি করতে হচ্ছে। এতে খুচরা ক্রেতারা অন্য বাজার থেকে আলু কিনছেন।
বিএনপির স্থানীয় নেতা ইমান উল্লাহ জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আগানগর বাজারটি গড়ে তোলেন। এলাকায় হাটবাজার না থাকায় লোকজনের স্বার্থেই বাজারটি চালু করা হয়। সরকারি নিয়মনীতি মেনেই বাজার চালানো হচ্ছিল।
আওয়ামী লীগের আগানগর ইউনিয়ন শাখার সভাপতি মীর আসাদ হোসেন জানান, কেরানীগঞ্জ উপজেলা থেকে বাজারটি নিয়ন্ত্রিত হচ্ছে। সরকারি লোকজন প্রতিদিন খাস আদায় করে সরকারি কোষাগারে জমা দিচ্ছেন।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, বাজারটি সওজের জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। খোঁজখবর নিয়ে জমিটি উদ্ধারের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়া বলেন, আগানগর বাজারটি সরকারি নিয়ম অনুযায়ী ইজারা দেওয়া হয়েছে। কর্মচারীদের মাধ্যমে খাস আদায় করা হচ্ছে।