সওজের জায়গায় বাজার
শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের তারাকান্দি এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় ঘর তুলে বাজার বসানো হয়েছে। স্থানীয় বাজার কমিটির সভাপতি আবদুল বারিক ওরফে চান মিয়ার উদ্যোগে বাজারটি হয়েছে। সড়ক ঘেঁষে বাজার বসানোর কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, প্রায় দেড় মাস আগে শেরপুর সদর উপজেলার তারাকান্দি এলাকার উত্তর পাশে সওজের খালি জায়গায় ৩৬টি ঘর তোলা হয়। পরে অর্থের বিনিময়ে ঘরগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হয়। ঘর তুলতে সহযোগিতা করেছেন তারাকান্দি বণিক সমিতির সভাপতি আবু হানিফ।
আবদুল বারিক শেরপুর-১ (সদর) আসনের সরকারদলীয় সাংসদ আতিউর রহমানের ছোট ভাই এবং উপজেলার কামারিয়া গ্রামের বাসিন্দা।
সম্প্রতি তারাকান্দি বাজারে গিয়ে দেখা যায়, ব্যস্ততম এই সড়ক ঘেঁষে বাজারটি বসানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, সড়কটির প্রায় ১০০ ফুট দূরে অনেক আগে থেকেই অনুমোদিত বাজার রয়েছে। কিন্তু ক্ষমতার জোরে আবদুল বারিক আবারও সড়ক ঘেঁষে সরকারি জায়গায় ঘর তুলে আরেকটি বাজার বসিয়েছেন। এতে বাজারের পুরোনো ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে।
আরেক ব্যবসায়ী বলেন, নতুন বাজারে ঘর তুলতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা তোলা হয়েছে। তিনি বলেন, নতুন বাজারটি করায় মূল লাভবান হচ্ছেন আবদুল বারিক। ব্যবসায়ীদের টাকায় তিনি বাজারটি গড়ে তুলেছেন। তিনি আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নতুন বাজারের একজন ব্যবসায়ী বলেন, বাজারে ঘর করে দিতে তিনি প্রায় চার হাজার টাকা দিয়েছেন। আরও কিছু টাকা দেওয়া বাকি আছে।
মহাসড়কটিতে চলাচলকারী একটি বাসের চালক মোহাম্মদ আলী বলেন, ব্যস্ততম এই সড়কে প্রতিদিন প্রচুর যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে। এমনিতেই এখানে যানজট লেগে থাকে। তার ওপর তারাকান্দি এলাকায় সড়ক ঘেঁষে যেভাবে বাজার বসানো হয়েছে, তাতে যানজট বাড়বে। দুর্ঘটনাও অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবু হানিফ বলেন, ‘তারাকান্দি বাজারের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বার্থের কথা ভেবেই আবদুল বারিকের সহযোগিতায় বাজারে নতুন ঘরগুলো তৈরি করা হয়েছে।’
আবদুল বারিক প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানকার ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ীরা ঝড়বৃষ্টিতে কষ্ট করে আসছিলেন। তাঁদের কথা ভেবেই তিনি ঘরগুলো তুলে দিয়েছেন। আগামী চেয়ারম্যান নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার আশা করছেন। তাই এখন থেকেই স্থানীয় ব্যক্তিদের সেবা করার দিকটি মাথায় রাখছেন। তাঁদের স্বার্থেই নতুন বাজারটি করেছেন।’ তিনি বলেন, সরকারি নির্দেশ পেলেই ব্যবসায়ীরা ঘর সরিয়ে নেবেন।
সওজের শেরপুরের নির্বাহী প্রকৌশলী শোয়েব আহম্মেদ বলেন, সওজের জমিতে বাজার বসানোর নিয়ম নেই। তিনি আরও বলেন, তারাকান্দি এলাকার ওই বাজারটি সওজের জায়গায় করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।