সওজের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় এক একর জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে দুই শতাধিক কাঁচা-পাকা স্থাপনা। গত বুধবার থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মৌলভীবাজার সদর উপজেলা শেরপুর বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চলছে। শেরপুর বাজারের মৌলভীবাজার-শেরপুর সড়কের পূর্ব পাশে বুলডোজর দিয়ে কাঁচা ও পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ভেঙে পড়ছে টিন। উপড়ে ফেলা হচ্ছে লোহার খুঁটি। একটার পর একটা স্থাপনা ভাঙা হচ্ছে। অপর দিকে সড়কের পশ্চিম পাশে গত বুধবার একই রকম বুলডোজার দিয়ে স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে। এসব স্থাপনা ও দোকানের মালিক ভেঙে ফেলা ঘরের ইট, কাঠ, লোহার রড, টিনসহ বিভিন্ন জিনিসপত্র কুড়িয়ে নিচ্ছেন। কয়েক শ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে এ উচ্ছেদ অভিযান দেখছে।
সওজ মৌলভীবাজার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শেরপুর বাজার এলাকায় মৌলভীবাজার-শেরপুর সড়কের দুপাশে অবৈধভাবে সওজের জায়গা দখল করে অনেকে ছোটবড় পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছেন। অনেকে দোকানঘর তৈরি করে ভাড়া দিয়েছেন। এসব দখলদারকে সওজের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অবৈধ দখল ছাড়তে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু বিজ্ঞপ্তির প্রতি কেউই গুরুত্ব দেননি। এদিকে সওজের পক্ষ থেকে অবৈধ স্থাপনা সরানোর জন্য ১১ সেপ্টেম্বর বিকেলে শেরপুর বাজার এলাকায় মাইকিং করা হয়। কিন্তু কেউই জায়গা ছাড়তে চাননি। ফলে গত বুধবার থেকে সওজের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ এবং অবৈধ দখল থেকে প্রায় এক একর জায়গা উদ্ধার করা হয়েছে। বর্তমানে এই জায়গার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সওজের উপকমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ প্রমুখ।
সদর উপজেলার ইউএনও মো. ইকবাল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, উদ্ধার করা জায়গায় সড়ক বিভাগ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ মিলে বেড়া দিয়ে গাছ রোপণ করা হবে। আর কিছু জায়গায় কাঁচামালের খুচরা বিক্রেতাদের বসার একটা ব্যবস্থা করে দেওয়া হবে।
সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, ‘আমরা অনেকবার দখলদারদের জায়গা ছাড়ার জন্য নোটিশ দিয়েছি। কিন্তু কেউ শোনেনি। পরে মাইকিং করা হয়েছে। এরপর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।’