সওজের জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা থেকে অবৈধভাবে বালু তুলে নিচ্ছে একটি চক্র। পাঁচ-ছয় দিন ধরে ওই স্থান থেকে ট্রলিযোগে বালু নেওয়া হচ্ছে।সওজ বাঞ্ছারামপুর কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর-হোমনা সড়কের বাঞ্ছারামপুরের মোল্লাবাড়িসংলগ্ন ৩০ শতক জায়গা চার বছর আগে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে কেনে সওজ। বাঞ্ছারামপুর সওজের স্থায়ী কার্যালয় নির্মাণ করতে জায়গাটি কেনে কর্তৃপক্ষ। সড়ক থেকে ওই জায়গাটি প্রায় আট ফুট নিচু হওয়ায় দুই বছর আগে বালু ফেলে ভরাট করে সওজের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, সওজের জায়গার উত্তর পাশ থেকে ট্রলিতে বালু ভরাট করে অন্যত্র নিয়ে যাচ্ছে একটি চক্র। প্রায় ১০ শতক জায়গা থেকে ওই বালু নেওয়া হচ্ছে। শ্রমিক হানিফ মিয়া বলেন, ‘এহান (এখান) থেইক্কা বালু নিয়া রাস্তার কামে লাগাইতেছি, তারা মিয়া ভাই কওনে এহান থেইক্কা বালু নিতাছি।’এ ব্যাপারে তারা মিয়া বলেন, বাঞ্ছারামপুর-হোমনা রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করতে বালু নেওয়া প্রসঙ্গে সওজের কার্যসহকারী ফরিদ মিয়ার কাছ থেকে মৌখিক অনুমতি নেওয়া হয়েছে। পরে তা ভরাট করে দেওয়া হবে।মো. ফরিদ মিয়া বলেন, রাস্তার সংস্কারকাজে ঠিকাদারের লোকজন বালু নিচ্ছেন। পরে তা আবার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে বালু বিক্রি করা হয়নি।বাঞ্ছারামপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. হাবিব উল্লাহ জানান, নিয়ম অনুযায়ী ফরিদ মিয়া এ ব্যাপারে অনুমতি দেওয়ার কেউ নন। ওই স্থানের বালু ফেরত দেওয়া না হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।