সওজের জায়গা দখল করে গ্যারেজ নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার তালতলায় যশোর-খুলনা মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গাড়ির গ্যারেজ নির্মাণ করা হচ্ছে। আকিজ জুট মিল কর্তৃপক্ষ ওই গ্যারেজ নির্মাণ করছে। গ্যারেজ নির্মাণ করতে গিয়ে বিভিন্ন প্রজাতির দুই লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, তালতলায় আকিজ জুট মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অনেকটা জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসী অভিযোগ করেন, প্রাচীরের ভেতরে থাকা বিশালাকৃতির একটি মেহগনি, চারটি বাবলা ও একটি তালগাছ রাতে কেটে সরিয়ে ফেলা হয়েছে।পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের আসলাম হোসেন বলেন, ‘সরকারি জায়গা দখল করে গাছ কেটে প্রকাশ্যে আকিজ জুট মিল কর্তৃপক্ষ গাড়ির গ্যারেজ বানাচ্ছে। অথচ এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই।’ নওয়াপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোল্লা ওলিয়ার রহমান বলেন, ‘আকিজ জুট মিল কর্তৃপক্ষ যা করছে তা রীতিমতো বেআইনি। আমরা এর প্রতিবাদ করে যাব।’ আকিজ জুট মিলের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন বলেন, ‘মিলটিতে পাঁচ-ছয় হাজার শ্রমিক কাজ করেন। নিরাপত্তার স্বার্থে তাঁদের অনুরোধে ওই জায়গায় আমরা একটা উঠান নির্মাণ করছি। এতে শ্রমিকেরা উঠানে নিরাপদে দাঁড়াতে পারবেন এবং বাসে ওঠানামা করতে পারবেন।’ তিনি দাবি করেন, ‘আমরা টাকা খরচ করে একটি ভালো কাজ করছি। এ জন্য ওই জায়গার বরাদ্দ চেয়ে আমরা সওজের কাছে আবেদন করেছি। আমাদের আবেদন প্রক্রিয়াধীন।’ গাছ কেটে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ওই জায়গায় দুটি গাছ ছিল। আমরা কোনো গাছ কাটিনি। মাদকাসক্তরা ওই গাছ কেটে নিয়েছে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।’ সওজ যশোরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের জায়গায় স্থাপনা নির্মাণের বিষয়টি আমি শুনেছি। তবে গাছ কেটে নেওয়ার ব্যাপারটি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তবে ওই জায়গা বরাদ্দ চেয়ে মিল কর্তৃপক্ষের আবেদনের ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান।