সওজের জায়গা দখল করে চাতাল নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকাসহ সান্তাহার-বগুড়া সড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে একের পর এক দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। বর্তমানে সওজের বেশ কিছু জায়গায় চাতাল নির্মাণের কাজ চলছে।প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে এসব চাতাল নির্মাণের কাজ চললেও অবৈধ দখলদারদের বাধা দিচ্ছে না সওজ কর্তৃপক্ষ। বগুড়া সওজের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে দখলদারেরা এসব স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে সওজের জায়গা দখল করে চাতাল নির্মাণ ও চাতাল সম্প্রসারণের কাজ চলছে। কিছু কিছু জায়গায় দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ চলছে। এর মধ্যে পৌর এলাকার খাঁড়ির সেতুসংলগ্ন এলাকায় প্রায় এক একরের মতো জায়গা দখলে নিয়ে বৈশাখী অটোমেটিক রাইস মিল নামের চাতাল নির্মাণ করছেন ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি। একই এলাকার চাতালমালিক আশরাফ আলী, রাজকুমার সাহা, আবদুল জব্বার, আবদুর রশিদ, আখতার হোসেন, নিজাম উদ্দীন, আবদুল আজিজ ও লুৎফর রহমানসহ আরও কয়েকজন ব্যবসায়ী সওজের জায়গা দখল করে তাঁদের চাতালের সীমানা বাড়াচ্ছেন। হবির মোড় এলাকায় আজিজার রহমান নামের এক ব্যক্তি সওজের প্রায় দুই বিঘা জমি দখল করে তাঁর চাতালের মাটি ভরাট ও সীমানাপ্রাচীর নির্মাণ করছেন। দুই মাস ধরে এভাবে স্থাপনা নির্মাণ চলছে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অবৈধ দখলদার বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে সওজের বগুড়া কার্যালয়ের চুক্তি রয়েছে। মাসের একটি নির্দিষ্ট সময়ে ওই কার্যালয়ের লোকজন এসে চুক্তি অনুযায়ী টাকা নিয়ে যায়। গত শুক্রবার সান্তাহার বৈশাখী অটোমেটিক রাইস মিলের মালিক ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগ করার জন্য ওই চাতালে গেলে ব্যবস্থাপক সিদ্দিক হোসেন জানান, মালিক ব্যবসায়িক কাজে চীনে গেছেন। তিনি দাবি করেন, সওজের কাছ থেকে জমি ইজারা নিয়ে চাতাল তৈরি করা হচ্ছে। প্রমাণ হিসেবে তিনি সওজের তৈরি করে দেওয়া একটি নকশা ও ইজারার আবেদনপত্র দেখান। সিদ্দিক হোসেন দাবি করেন, এই কাজ করতে তিনি নিজে বগুড়া কার্যালয়ে গিয়ে টাকা দিয়ে এসেছেন। ওই মিলের এক কর্মচারী বলেন, ‘যেকোনো সময় ভাঙচুর হতে পারে, এ জন্য অল্প দামের ইট ব্যবহার করে কাজ করছি।’ জায়গা দখল করে চাতাল তৈরি ও সম্প্রসারণের বিষয়ে চাতালমালিক নিজাম উদ্দীন, আতিকুর রহমান, আবদুল আজিজ, লুৎফর রহমানসহ কয়েকজন দোকানমালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।বগুড়া সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমান গত ১৬ জুলাই সান্তাহার শহরের আশপাশে ২৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি দেন। চিঠির পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী জেলা প্রশাসকের কাছে একজন ম্যাজিস্ট্রেট চেয়ে চিঠি পাঠান। এক দপ্তর থেকে অন্য দপ্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য চিঠি দেওয়া হলেও স্থাপনা নির্মাণের সময় সওজ নীরবতা পালন করে।জানতে চাইলে বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, সওজের জায়গা ইজারা দেওয়ার বিধান নেই। সান্তাহারে যেসব অবৈধ স্থাপনা নির্মাণ চলছে, সেগুলো বন্ধের জন্য শিগগির ব্যবস্থা নেওয়া হবে। তাঁর বিভাগের লোকজনের সঙ্গে দখলদারদের আর্থিক লেনদেনের বিষয়টি তাঁর জানা নেই।