সওজের জায়গা দখল করে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়
রংপুর শহরের মেডিকেল মোড়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা দখল করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরমাণু চিকিৎসাকেন্দ্রের সামনে সীমানাপ্রাচীর ঘেঁষে একটি চালাঘর তুলে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। সাইনবোর্ডে লেখা—বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রংপুর মহানগর, ১ নম্বর ওয়ার্ড শাখা ও মেডিকেল মোড় আঞ্চলিক কমিটির কার্যালয়।সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র জানায়, যে জায়গায় স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় করা হয়েছে, সেটি সরকারি জায়গা। জায়গাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছিল। কিন্তু সেই বেড়া কেটে একটি রাজনৈতিক দলের কার্যালয় করা হয়েছে।রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহমেদ বলেন, ‘সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় করা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। সরকারি জমি দখল করে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় করা হয়েছে কি না, তা আমি জানি না। যদি তা করা হয়ে থাকে, অবিলম্বে ওই কার্যালয় উচ্ছেদ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’ রংপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহীদুন্নবী বলেন, যাঁরা ওই জায়গা দখল করেছেন, ঘর তুলে নেওয়ার জন্য তাঁদের গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে একটি চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো সেই ঘর সরানো হয়নি। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন জানান, সরকারি জমি দখল করে কার্যালয় তৈরির বিষয়ে তিনি কিছু জানেন না। সড়ক ও জনপথের কোনো চিঠি তাঁরা পাননি বলেও তিনি দাবি করেন।