সওজের জায়গা দখলের উৎসব নোয়াখালীতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের পাশের জায়গা দখলের উৎসব চলছে। দখল থেকে রেহাই পাচ্ছে না সড়কের পাশের খাল কিংবা পানিনিষ্কাশনের পথও। খোঁজ নিয়ে জানা গেছে, সওজের জায়গা দখলের সর্বশেষ ঘটনা ঘটে জেলার বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় ফেনী-নোয়াখালী জাতীয় মহাসড়কের পাশে। স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি সড়কের পাশের জায়গা ভরাট ও দখল করে সেখানে গড়ে তুলেছে টিনশেড অবৈধ স্থাপনা।দখলের অভিযোগে অভিযুক্ত মো. রফিক বলেন, ‘সওজের সড়ক সংলগ্ন লক্ষ্মীনারায়ণপুর মৌজার ২৩৭, ২৩৮ ও ২৩৯ দাগের ৬ শতাংশ জায়গা আমরা ডিএস এবং এমআরআর খতিয়ান দলিলমূলে মালিক ও ভোগদখলদার। আমরা কোনো সরকারি জায়গা দখল করিনি।’সরেজমিনে জানা গেছে, গত কয়েক মাসে জেলার চাটখিল, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলার বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের সড়কের পাশের জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। স্থানীয় লোকজন জানান, প্রায় প্রতিটি দখলের সঙ্গে রয়েছেন ক্ষমতাসীন দলের লোকজন। এর মধ্যে সেনবাগ রাস্তার মাথা ও সেবারহাট বাজার এলাকায় সওজের রাস্তার পাশের খাল দখল করে নির্মাণ করা হচ্ছে স্থায়ী স্থাপনা। সেনবাগ রাস্তার মাথা এলাকায় খাল জেলা পরিষদ থেকে সরকারি নিয়ম মেনেই মুক্তিযোদ্ধা সংসদের নামে বন্দোবস্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. হাসমত উল্লা। সড়ক ও জনপথ বিভাগের নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, কার্যালয়ের অধীন ছয়টি সড়কে অবৈধ দখলকারীর সংখ্যা দুই হাজার ৯১৯ জন। এর মধ্যে ফেনী-নোয়াখালী মহাসড়কে ৭৪৫ জন, বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে এক হাজার ৫৫৪ জন দখলদার রয়েছে। এ ছাড়া সোনাপুর-কবিরহাট-কোম্পানীগঞ্জ-দাগনভূঁইয়া সড়কে ২৪০ জন, কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কে ৩২৫ জন, সোনাইমুড়ী বাইপাস সড়কে ৩০ জন এবং ফেনী-তেমুহনী-গাজীরহাট সড়কে ২৫ জন সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেছেন। সওজের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল প্রথম আলোকে বলেন, ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশে লক্ষ্মীনারায়ণপুরে দখল হওয়া জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। এ ছাড়া সেনবাগ, সেবারহাটসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, সেগুলো উচ্ছেদে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।