সওজের জায়গায় অবকাঠামো নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে অবকাঠামো তৈরি করা হচ্ছে। এক সপ্তাহ ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণ পাশে পরিত্যক্ত আরাকান সড়ক ও আশপাশের জায়গা দখল করে বাঁশের বেড়া ও টিনের চালা দিয়ে এ অবকাঠামো নির্মাণের কাজ চলছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী দখল ও অবকাঠামো নির্মাণ-প্রক্রিয়ার সঙ্গে জড়িত।স্থানীয় লোকজন জানান, কয়েক দিন আগে গভীর রাতে বরইতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তছলিম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী আল আমিন একাডেমী নামের একটি প্রতিষ্ঠানে জড়ো হন। সেখান থেকে গিয়ে তাঁরা সওজের সড়ক ও জমি দখল করে অবকাঠামো নির্মাণ শুরু করেন। ওই এলাকায় মহাসড়কের পূর্ব পাশে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতে লেখা হয়েছে, ‘আধুনিক ও ইসলামী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল আমিন একাডেমী।’তছলিম উদ্দিন সওজের জমি দখলের সত্যতা স্বীকার করে জানান, বানিয়ারছড়ার আশপাশের এলাকায় কোনো ধরনের স্কুল ও কলেজ না থাকায় তাঁরা পরিত্যক্ত সড়ক ও জমি দখল করে একটি শিক্ষাপ্রতিষ্ঠান করছেন। তিনি দাবি করেন, সওজের কাছ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের নামে জায়গাটি ইজারা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁর মতে, জায়গাটি দখল করে আল আমিন কর্তৃপক্ষের কেউই ব্যক্তিগত কাজে ব্যবহার করবে না। তবে বদরুল ইসলাম জমি দখলের অভিযোগ অস্বীকার করেন।এ ব্যাপারে সওজ বিভাগের চকরিয়ার উপবিভাগীয় প্রকৌশলী সমশুল আলম জানান, দখলের খবর পেয়ে তাঁরা সেখানে দুবার বাধা দেন এবং সাইনবোর্ড, বেড়া ও টিন জব্দ করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে সওজ সহযোগিতা চাইলে দেওয়া হবে।