সওজের জায়গায় আ.লীগ ও বিএনপির কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের বৈকালী মোড়ে সওজের জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে ৯ নম্বর ওয়ার্ড ​আওয়ামী লীগের কার্যালয় l প্রথম আলো
খুলনা নগরের বৈকালী মোড়ে সওজের জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে ৯ নম্বর ওয়ার্ড ​আওয়ামী লীগের কার্যালয় l প্রথম আলো

খুলনা নগরের বৈকালী এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা দখল করে আওয়ামী লীগ ও বিএনপির চারটি কার্যালয় এবং ২০টি দোকানপাট গড়ে তোলা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে দখলবাজি চললেও সওজ কোনো ব্যবস্থা নেয়নি।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, খুলনা-যশোর মহাসড়কের পূর্ব পাশে বৈকালী মোড়ে সওজের প্রায় ১২ শতক জমি রয়েছে। ১৫ বছর আগে সেখানে প্রথমে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় গড়া হয়। বিএনপির নেতা-কর্মীরা প্রায় এক শতক জায়গা দখল করে কার্যালয় নির্মাণ করেন। তাঁদের দেখাদেখি ​কয়েকজন ব্যক্তি দোকানপাট গড়ে তোলেন। ছয় বছর আগে এক শতক জায়গা দখল করে কার্যালয় নির্মাণ করে ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। এরপর ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মোটরচালক দল একটি কার্যালয় নির্মাণ করে। মাস দুই আগে প্রায় তিন শতক জায়গা দখল করে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হচ্ছে।

সওজের জায়গায় ১৪ নম্বর ​ওয়ার্ড বিএনপির কার্যালয়
সওজের জায়গায় ১৪ নম্বর ​ওয়ার্ড বিএনপির কার্যালয়

গত রোববার সরেজমিনে দেখা গেছে, বৈকালী মোড়ে খুলনা-যশোর মহাসড়ক থেকে প্রায় পাঁচ গজ পূর্ব পাশে শুরুতে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়। এর ঠিক বিপরীত পাশে ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়। বিএনপির কার্যালয় থেকে ২৫ গজ উত্তর দিকে এগোলেই ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্মাণাধীন কার্যালয়। একই পাশ দিয়ে ৫০ গজ উত্তর দিকে এগোলে চোখে পড়ে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, যুব ও স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মোটরচালক দলের কার্যালয়।

এসব কার্যালয়ের পাশ ঘেঁষে সওজের জমি দখল করে গড়ে উঠেছে দোকানপাট। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চা দোকানদার বলেন, খালি পড়ে থাকায় তাঁরা দোকান বসিয়েছেন।

সওজের জায়গায় দলীয় কার্যালয় প্রসঙ্গে খালিশপুর থানা বিএনপির সভাপতি মো. ফজলে হালিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের ও আওয়ামী লীগের অফিস সওজের জায়গায় এটা সত্য। তবে সওজের প্রয়োজনে আমরা অফিস তুলে নেব।’

খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ বলেন, ‘আগে বিএনপি কার্যালয় করে। তাদের দেখাদেখি আমরাও করেছি। দরকার পড়লে আমরাও অফিস সরিয়ে নেব।’

খুলনা সওজের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন বলেন, ‘শিগগিরই সব সড়কের অবৈধ দখল উচ্ছেদে অভিযানে নামব। তখন এসব দখল থাকবে না।’