সওজের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু নির্মাণকাজের অর্থ আত্মসাতের অভিযোগে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) খুলনা সার্কেল ও খুলনা কার্যালয়ের সাবেক তিন কর্মকর্তা ও একজন ঠিকাদারের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল রোববার এ মামলা করে।দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের (বাগেরহাট-খুলনা-সাতক্ষীরা) সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম খুলনার সোনাডাঙ্গা মডেল থানা ও কোতোয়ালি থানায় মামলা দুটি করেন। আসামিরা হলেন: সওজ খুলনা সার্কেলের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মোশাররফ হোসেন, খুলনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. বুলবুল হোসেন, একই কার্যালয়ের তৎকালীন বিভাগীয় হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম এবং ঠিকাদারি প্রতিষ্ঠান এনামুল হক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু রহিম মোহামঞ্চদ ইথেন পারভেজ। তাঁদের মধ্যে এ কে এম মোশাররফ হোসেন ২০০৭ সালে অবসর গ্রহণের পর বর্তমানে ঢাকায় বসবাস করছেন। মো. বুলবুল হোসেন বর্তমানে যশোরে এবং শেখ মনিরুল ইসলাম নরসিংদীতে কর্মরত রয়েছেন। সোনাডাঙ্গা মডেল থানায় করা মামলায় বলা হয়, তিন কোটি ৬১ লাখ চার হাজার ৫৬৭ টাকা ব্যয়ে খুলনার গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ সড়কের সপ্তম কিলোমিটার অংশে শৈলমারী নদের ওপর সেতু নির্মাণে জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে ২০০৬ সালের ৯ জানুয়ারি কার্যাদেশ পায় এনামুল হক প্রাইভেট লিমিটেড। কার্য সম্পাদন জামানত বাবদ ৩৬ লাখ ১০ হাজার ৪৬৭ টাকা জমা দেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া ব্যাংক গ্যারান্টিপত্র দাখিল করে। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত দুই কোটি ২৫ লাখ তিন হাজার ৮৪২ টাকার বিল তুলে নিয়ে কাজটি অসমাপ্ত রেখে যায়। এ ক্ষেত্রে ভুয়া কার্য সম্পাদন জামানত দাখিল করায় ওই ক্ষতিপূরণ আদায় করা যায়নি। এ সময় সওজের স্থানীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন এ কে এম মোশাররফ হোসেন।কোতোয়ালি থানায় করা মামলায় খুলনা সওজের নির্বাহী প্রকৌশলী মো. বুলবুল হোসেন ও বিভাগীয় হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মনিরুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের বর্তমান সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম ওই অভিযোগ তদন্ত করেছেন। এ ব্যাপারে এ কে এম মোশাররফ হোসেন ও মো. বুলবুল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রওশন আরা দুটি মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।