সওজের নির্দেশের পরও অবৈধ স্থাপনা সরাননি দখলদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঘোষিত সময়সূচি শেষ হলেও চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশে গড়ে ওঠা দোকানপাট, বিপণিবিতান ও ঘরবাড়িসহ অবৈধ স্থাপনা সরিয়ে নেননি দখলদারেরা। এ অবস্থায় সওজ সড়কের হাটহাজারী উপজেলার বইজ্জ্যাখালী এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছে।সওজ চট্টগ্রামের উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার হোসেন বলেন, রাঙ্গুনিয়ার শান্তিরহাটে চট্টগ্রাম ওয়াসার পানি বিশুদ্ধকরণ প্রকল্পের কাজ চলছে। সেখানে পানি সরবরাহ লাইন স্থাপনের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয় সওজ। এরই অংশ হিসেবে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাস্তার মাথা নামক স্থান থেকে চন্দ্রঘোনা লিচুবাগান পর্যন্ত প্রায় ৩৯ কিলোমিটার এলাকায় গড়ে ওঠা দোকানপাট, বিপণিবিতান ও ঘরবাড়ি উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সব স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের লিখিতভাবে তিনবার নোটিশ দেওয়া হয়। এরপরও অবৈধ স্থাপনা সরানো হয়নি। গত ৪ এপ্রিল মাইকিং করে দখলদারদের চূড়ান্ত সময়সূচি বেঁধে দেওয়া হয়, যা গত ২৮ এপ্রিল শেষ হয়ে যায়। অথচ দখলদারেরা এর মধ্যে কোনো রকম স্থাপনা সরিয়ে নেয়নি।সওজের প্রকৌশলী আরও জানান, গত ২৯ এপ্রিল সড়কের হাটহাজারী উপজেলার বইজ্জ্যাখালী এলাকায় দুই পাশ থেকে ১৪টি দোকান উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও করা হবে।সওজ রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের কার্য-সহকারী রাসেল দেওয়ান জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া ও হাটহাজারী অংশের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দখলদারেরা পুনরায় দোকানপাট, বিপণিবিতান ও ঘরবাড়ি নির্মাণ করেন। এতে অতীতের যেকোনো সময়ের চেয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দুর্ঘটনা ও যানজট বহু গুণ বেড়ে গেছে।সওজ চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশের সব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হলেও দখলদারেরা কোনো স্থাপনা সরিয়ে নেননি। ফলে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আদেশ চেয়ে বিভাগীয় প্রতিবেদন পাঠানো হয়েছে। আদেশ পেলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলে জানান তিনি।