সওজের প্রকৌশলী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগানে সরকারি এক প্রকৌশলী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন নূর ইসলাম। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন লাভলুর রহমান। তাঁদের মধ্যে নূর ইসলামকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়েছিল। আর লাভলুর রহমান পলাতক আছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১১ সালের ১০ মে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম রহমানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেন। ২০১২ সালের ১৮ এপ্রিল পুলিশ নূর ইসলাম ও লাভলুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। নূর ইসলাম নিহত প্রকৌশলীর বাড়ির দারোয়ান ছিলেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, ঘটনার দিন গোলাম রহমানের পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি ঝিনাইদহে ছিলেন। ঢাকার বাসায় তিনি একা ছিলেন। তাঁকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছিল না। পরে স্ত্রী ঢাকার বাসায় এসে ঘরে স্বামীর লাশ দেখতে পান। বাড়ির দারোয়ান নূর ইসলাম ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। র‍্যাব বেনাপোল থেকে ২৩ ভরি স্বর্ণালংকারসহ তাঁকে গ্রেপ্তার করে।