সওজের প্রায় ২২ লাখ টাকা গচ্চা
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা সদরে সড়ক ও জনপথের (সওজ) প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে ২২৫ মিটার দীর্ঘ নর্দমা কোনো কাজেই আসছে না বলে অভিযোগ পাওয়া গেছে। অপরিকল্পিতভাবে নির্মাণ করায় মাস চারেক যেতে না যেতেই নর্দমাটি ভরাট হয়ে গেছে। এ ছাড়া কোথাও কোথাও নর্দমার ওপর বসানো সিমেন্টের স্লাবের জায়গায় বসানো হয়েছে দোকানপাট।
গাইবান্ধা সওজ কার্যালয় সূত্র জানায়, সাদুল্যাপুর উপজেলা সদরের ভেতর দিয়ে গাইবান্ধা-ধাপেরহাট সড়কটি নির্মিত হয়। চলতি বছর উপজেলা সদরের চারমাথা থেকে পশ্চিমে তালেরতল পর্যন্ত সড়কের ২২৫ মিটার অংশে এই পাকা নর্দমা নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ২১ লাখ ৮৩ হাজার টাকা। গত এপ্রিল মাসের মাঝামাঝি এর নির্মাণকাজ শেষ হয়।
সরেজমিনে গত রোববার দেখা গেছে, ব্যস্ত গাইবান্ধা-ধাপেরহাট সড়কের যে পাশে নর্দমা তার বিপরীত পাশে বসেছে সাদুল্যাপুর পাইকারি হাট। কোনো কোনো জায়গায় নর্দমা পাশের সড়কের তুলনায় উঁচু, কোথাও নিচু। যেসব স্থানে নিচু সেখানে নর্দমার স্লাবের ওপর মাটি জমতে জমতে এখন আর নর্দমা আলাদা করে চেনা যায় না। কোথাও নর্দমার ওপর গড়ে উঠেছে দোকানপাট।
উপজেলা সদরের চারমাথা এলাকার ব্যবসায়ী সুভাষ শাহ বলেন, ‘আমার দোকান ঘেঁষে নর্দমা। কিন্তু এই নর্দমা দিয়ে পানিনিষ্কাশন দূরের কথা, দুর্গন্ধে দোকানে বসাই এখন দুষ্কর।’ একই এলাকার ব্যবসায়ী রমেন শাহ বলেন, অনেক স্থানে নর্দমার কোনো চিহ্নই নেই। মাটির সঙ্গে মিশে গেছে, বোঝাই যায় না কোনো নর্দমা আছে। সেখানে দোকানপাট গড়ে উঠেছে। তালেরতল এলাকার চায়ের দোকানি জাকির মিয়া বলেন, ‘এই নর্দমা তো আর মানুষের কাজে লাগে না। তাই সেটার ওপর চায়ের দোকান দিছি। কিন্তু আগে মশা-মাছি ছিল না। এখন নর্দমায় জমা ময়লা আর আবর্জনার জন্য মশার যন্ত্রণায় বেচাকেনা কঠিন।’
সাদুল্যাপুর নাগরিক কমিটির আহ্বায়ক আবুল বাশার বলেন, ১০টি ইউনিয়নের উৎপাদিত তরিতরকারি সাদুল্যাপুর হাটে বেচাকেনা হয়। কিন্তু সামান্য বৃষ্টি হলেই হাট এবং উপজেলা শহরে পানি জমত। এই অবস্থায় স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নর্দমাটি নির্মাণ করা হয়। কিন্তু অপরিকল্পিতভাবে এটি নির্মাণ করায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। নির্মাণের পর থেকে নর্দমাটি পরিষ্কার না করায় এতে জমে থাকা আবর্জনার কারণে পানি সরতে পারে না। উল্টো নর্দমার নোংরা পানি উপচে চারপাশ দুর্গন্ধযুক্ত পানিতে সয়লাব হয়। ফলে নর্দমাটি নির্মাণে সরকারের টাকা ব্যয় হলেও কোনো কাজ হয়নি। বিষয়টি সওজ কর্তৃপক্ষকে জানিয়েও প্রতিকার হচ্ছে না।
গাইবান্ধা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, মূলত সাদুল্যাপুর পাইকারি হাটের পানিনিষ্কাশনের জন্য পরিকল্পিতভাবেই নর্দমাটি নির্মাণ করা হয়। কিন্তু স্থানীয় জনগণ ও নর্দমা-সংলগ্ন ব্যবসায়ীদের সচেতনতার অভাবে এটি ভরাট হয়ে গেছে। তিনি আরও বলেন, এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু সওজ কর্তৃপক্ষের নয়, সুবিধাভোগীদেরও। তিনি দাবি করেন, সরকারি টাকার অপচয় হয়নি। নর্দমাটির কারণেই এবার অবিরাম বর্ষণেও হাটে পানি জমেনি।