সওজের প্রায় ৫২ কোটি টাকার কাজে সমঝোতা!
রাজশাহী সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ৫১ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকার কাজ ভাগাভাগির জন্য সমঝোতা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে নগরের কাদিরগঞ্জ এলাকায় যুবদলের সাবেক নেতা ও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত একজন ঠিকাদারের ব্যবসায়িক কার্যালয়ে সমঝোতা বৈঠক হয় বলে জানা গেছে। এতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের একজন নেতাও জড়িত বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমঝোতার মাধ্যমে যাঁদের কাজ দেওয়া হচ্ছে, তাঁদের কাছ থেকে ১৫ শতাংশ টাকা আদায় করে সওজ কর্মকর্তা ও বঞ্চিত ঠিকাদারদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারেরা জানান, সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে গত জানুয়ারিতে তিনটি বিজ্ঞপ্তিতে ১১টি কাজের দরপত্র আহ্বান করা হয়। একই সময় সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় থেকে নয়টি কাজের দরপত্র আহ্বান করা হয়। সবগুলো কাজই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায়। জানা গেছে, প্রতিটা কাজের বিপরীতে ১০-১২টি করে দরপত্র জমা পড়ে। সূত্রমতে, এসব দরপত্র ৩৫ থেকে ৫০ শতাংশ কম মূল্যে জমা পড়ে। ঠিকাদারদের একটি সূত্র জানায়, কয়েক দিন আগে এই কাজগুলোর ব্যাপারে ঠিকাদারদের সমঝোতা করার সিদ্ধান্ত হয়। এ নিয়ে বৃহস্পতিবার রাতে যুবদলের মহানগর শাখার সাবেক সহসভাপতি আতিকুর রহমানের কার্যালয়ে গভীর রাত পর্যন্ত বৈঠক হয়। বৈঠকে অর্ধশত ঠিকাদার উপস্থিত ছিলেন। একটি সূত্র জানিয়েছে, বৈঠকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শামসুজ্জামান খানও উপস্থিত ছিলেন। সূত্রমতে, বৈঠকে সমঝোতা হয়, কাজগুলো যাঁদের দেওয়া হবে, তাঁদের কাছ থেকে টেন্ডার-মূল্যের ১৫ শতাংশ টাকা বঞ্চিত ঠিকাদার ও সওজের কর্মকর্তাদের দেওয়া হবে। যোগাযোগ করা হলে আতিকুর রহমান বলেন, সব ঠিকাদারই কাজ পাওয়ার জন্য বিভিন্নভাবে সওজ কার্যালয়ের কর্মকর্তাদের ওপরে চাপ সৃষ্টি করছিলেন। তিনি কার্যালয়ের পরিবেশ রক্ষার জন্য সেই রাতে তাঁর কার্যালয়ে সব ঠিকাদারকে নিয়ে বসেছিলেন। সবাইকে তিনি বুঝিয়েছেন, নিয়ম অনুযায়ী যিনি সর্বনিম্ন দরদাতা হবেন, তিনিই কাজ পাবেন। কেউ এ ব্যাপারে আপত্তি করতে পারবেন না। সেই ক্ষেত্রে যাঁরা কাজ পাবেন না, তাঁদের জন্য কাজ পাওয়া ঠিকাদারদের কাছ থেকে কিছু টাকা নিয়ে দেওয়া হবে। যাতে তাঁরা শিডিউল কেনার টাকাটা ফেরত পান। শামসুজ্জামান খান বলেন, ‘আমি সওজের ঠিকাদার নই। সওজ কার্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে আমি ঠিকাদারদের মধ্যে সমঝোতা করার জন্য আতিকুর রহমানকে দায়িত্ব দিই।’ তিনি আতিকুরের কার্যালয়ের বৈঠকে উপস্থিত থাকার কথা অস্বীকার করেন।এ ব্যাপারে সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, তাঁর আগের প্রকৌশলী এই কাজের দরপত্র আহ্বান করেছিলেন। সমঝোতার ব্যাপারে তিনি কিছু শোনেননি বলে জানান। এসব কাজের জন্য লটারি কবে, কোথায়, ও কীভাবে হবে—সওজের কোনো সূত্র এই তথ্য জানাতে পারেনি।