সওজের বাধায় কাজ হচ্ছে না রাস্তার
বরগুনার আমতলী উপজেলার সাহেববাড়ি থেকে গাজীপুর বাজার পর্যন্ত আট কিলোমিটার সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) রাস্তাটি সংস্কারের জন্য ঠিকাদার নিয়োগ করলেও সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষের একঘেয়েমির কারণে কাজ শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এলজিইডি এক কোটি ছয় লাখ টাকা ব্যয়ে রাস্তাটির সংস্কারকাজের অনুকূলে গত ৩১ মে ঠিকাদারকে কার্যাদেশ দেয়। কিন্তু সওজ কর্তৃপক্ষের বাধার কারণে কাজ শুরু করতে পারছেন না ঠিকাদার। সওজ ওই রাস্তাটি তাদের আওতাভুক্ত দাবি করায় এ জটিলতার সৃষ্টি হয়েছে। কিন্তু এলজিইডির নথিপত্র ঘেঁটে দেখা যায়, পরিকল্পনা কমিশনের ২০০৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে এই রাস্তাটি ‘ঘ’ শ্রেণীতে অন্তর্ভুক্ত করে এলজিইডির কাছে হস্তান্তর করা হয়। এলজিইডি বরগুনার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯১ সালে দাতা সংস্থা ডানিডার অর্থায়নে এই সড়কটি নির্মাণ করা হয়। কিছুদিন যেতে না যেতেই সড়কটির দুই পাশ ভাঙতে শুরু করে। ফলে কোনো কোনো স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে রাস্তাটি সরু হয়ে গেছে। ফলে ভাঙাচোরা ও খানাখন্দে ভরা এই রাস্তায় ২০০৮ সালের জুন মাস থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এরপর যাত্রীদের একমাত্র ভরসা শ্যালো ইঞ্জিনচালিত টমটম ও ভাড়ায় চালিত মোটরসাইকেল। কিন্তু বর্ষা মৌসুমে খানাখন্দে পানি জমে যাওয়ায় বর্তমানে টমটম ও টেম্পো চলাচলও বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা যায়, রাস্তাটির অনেক স্থানে ইট-খোয়া-বালুর অস্তিত্ব নেই। বড় বড় গর্ত ও খানাখন্দে পানি জমে থাকায় এ পথে চলাচলকারী যাত্রীবাহী মোটরসাইকেল প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন কাদায় আটকে গেলে যানবাহন থেকে যাত্রীদের নেমে ঠেলে তুলতে হয়। সড়কটির সোনাখালী এলাকার কালভার্টটি দুই পাশ দিয়ে ভেঙে দেবে যাওয়ায় সেখান থেকে ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার হচ্ছে। ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক কালাম বলেন, ‘প্যাডে খিধা আছে বইল্লা এই খারাপ রাস্তায় মোটরসাইকেল চালাই। নাইলে জীবনের ঝুঁকি নিয়া এই রহম রাস্তায় কেউ যানবাহন চালায় না। রাস্তার অবস্থা এতই খারাপ যে রাইতে গা ব্যথায় ঘুমাইতে পারি না।’ এই রাস্তায় প্রতিদিন যাতায়াত করেন একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘এই রাস্তায় চলাচল করতে গিয়ে আমাদের দুর্ভোগের সীমা-পরিসীমা নেই। বর্ষার সময় পরনের জামা-কাপড় সব কাদাজলে ভিজে একাকার হয়ে যায়। মোটরসাইকেলে উঠলে মনে হয়, এই বুঝি জানটা শেষ হয়ে গেল। এমন অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।’আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন সানু বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী আকবর হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, ওই রাস্তায় প্রতিদিন মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা বর্ণনা করার মতো নয়। এমন একটি রাস্তার কাজে বাধা সৃষ্টি করা খুবই অযৌক্তিক। সওজের বরগুনা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবু জাফর খান বলেন, ‘এই রাস্তাটি আমাদের আওতাভুক্ত কিন্তু স্থানীয় সাংসদের নির্দেশে এলজিইডি কর্তৃপক্ষ আমাদের রাস্তায় দরপত্র আহ্বান করে অনিয়মতান্ত্রিকভাবে কাজ করাতে চাইছে। এ রকম আরও চারটি রাস্তা তারা দখল করে কাজ করাচ্ছে, যেটা সম্পূর্ণ বেআইনি।’ কিন্তু ওই রাস্তা তো পরিকল্পনা কমিশন এলজিইডিকে হস্তান্তর করেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা পরিকল্পনা কমিশন দিতে পারে না।’