সওজের বিরুদ্ধে সহস্রাধিক গাছ উপড়ে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের সাইনবোর্ড-বগি সড়কের ২৩ কিলোমিটার অংশের দুই পাশের সহস্রাধিক গাছ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তিন সপ্তাহে অপসারণ করেছে। সামাজিক বন বিভাগকে গাছগুলো কেটে নেওয়ার সুযোগ না দিয়ে সওজ তা এক্সকাভেটর দিয়ে উপড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এতে গাছের কাণ্ড ভেঙে ও থেঁতলে যাচ্ছে; গাছের কাঠ নষ্ট হয়ে যাচ্ছে। সামাজিক বন বিভাগ তাদের গাছ বাঁচাতে সওজের বিরুদ্ধে থানায় মামলা করলেও সওজ গাছ অপসারণ অব্যাহত রেখেছে। বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমিনুল ইসলাম গত বৃহস্পতিবার বলেন, মামলা দায়েরের পরও সওজ একইভাবে গাছ অপসারণ অব্যাহত রেখেছে। এ কারণে অনেক গাছ নষ্ট হচ্ছে। এ পর্যন্ত প্রায় এক হাজার ৪০০ গাছ সওজ এভাবে অপসারণ করেছে।সামাজিক বন বিভাগের নথি থেকে জানা গেছে, ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ‘উপকূলীয় সবুজ বেষ্টনী’ প্রকল্পের আওতায় সাইনবোর্ড-বগি সড়কের তুলাতলা থেকে সলুমবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার রাস্তায় মেহগনি, শিশু, শিরীষ, আকাশমণি, বাবলাসহ বিভিন্ন ধরনের ১০ হাজারের বেশি গাছ রোপণ করা হয়। এসব গাছের উপকারভোগী স্থানীয় শতাধিক দরিদ্র মানুষ। ১৯৯৮ সালে এ ব্যাপারে দ্বিপক্ষীয় চুক্তি সইয়ের জন্য সামাজিক বন বিভাগ সওজকে একটি চুক্তিপত্র পাঠালেও সওজ তা সই করেনি।গত ৪ এপ্রিল সড়কের ওই ২৩ কিলোমিটারের পুনর্নির্মাণকাজ শুরু হয়। ২১ এপ্রিল সওজ সামাজিক বন বিভাগকে গাছ সরিয়ে নিতে চিঠি দেয়। গত ৬ মে উভয় পক্ষ যৌথভাবে সড়কে নিজেদের গাছ গণনা করে। এতে সামাজিক বন বিভাগের প্রায় চার হাজার এবং সওজের ৯৭টি গাছ চিহ্নিত করা হয়। ১০ মে সামাজিক বন বিভাগ গাছ কাটতে দরপত্র আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। কিন্তু ২৩ মে থেকে সওজ এক্সকাভেটর দিয়ে গাছ উপড়ে রাস্তার পাশে ফেলা শুরু করে।বাগেরহাট সামাজিক বন বিভাগের মোরেলগঞ্জ উপজেলা ফরেস্টার ফোরকানুল আলম বাদী হয়ে ৩ জুন সওজের কার্য সহকারী এনায়েত হোসেন, ঠিকাদারসহ পাঁচজনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা করেন। বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, দৈবজ্ঞহাটি কলেজ থেকে সলুমবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তার দুই পাশে হাজার খানেক গাছ পড়ে আছে। সামাজিক বন বিভাগ বলছে, এসব গাছ সওজ এক্সকাভেটর দিয়ে উপড়ে ফেলে রেখেছে। গাছগুলো থেঁতলে গেছে। অনেক গাছ ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে।সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আবদুল আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই সড়কের প্রায় অর্ধেক গাছই আমাদের। সেখানে সামাজিক বন বিভাগের কিছু গাছ থাকতে পারে। তাদের গাছ থাকলে আমরা নিয়ে যেতে বলেছি, তারা অহেতুক বিলম্ব করেছে। কাজের অগ্রগতির স্বার্থে আমরা নিজেরাই যথাযথভাবে কিছু গাছ অপসারণ করেছি।’