সওজের ভেঙে যাওয়া সেতুর মালামাল অবৈধভাবে বিক্রির অভিযোগ, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত সড়কের বোরাঘাট নদীর ওপর নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভেঙে যাওয়া একটি লোহার সেতুর মালামাল স্থানীয় প্রভাবশালী একটি মহল অবৈধভাবে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কাতলামারি গ্রামে বোরাঘাট নদীর ওই লোহার সেতুর অংশ নেওয়ার সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার কামাল হোসেন ও লালমোহন উপজেলার শাহাব উদ্দিন, ফরিদপুর সদরপুরের নয়ন পাল, নারায়ণগঞ্জের ফতুল্লার মো. লিপু মিয়া, হালুয়াঘাট উপজেলার কাতলমারী গ্রামের কবির মিয়া ও আলামিন।এলাকাবাসীর অভিযোগ, হালুয়াঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান আবদুর রাজ্জাক নারায়ণগঞ্জের ঠিকাদার বাদশা মিয়ার কাছে দুই লাখ টাকায় ওই সেতুর মালামাল বিক্রি করেন। গত সপ্তাহে ক্রেতারা দুটি ট্রাকে মালামাল সেতু থেকে খুলে নিয়ে যায়। গতকাল ট্রাকে করে আরও মালামাল পাচারের খবর পেয়ে ওই ছয়জনকে আটক করে পুলিশ। জানা গেছে, কাতলামারী গ্রামে বোরারঘাট নদীর ওপর নির্মিত সেতুটি স্বাধীনতাযুদ্ধের সময় ভেঙে পড়ে। তখন থেকে সেতুর মালামাল সেখানেই পড়ে ছিল।এ ব্যাপারে হালুয়াঘাট উপজেলা অওয়ামী লীগের সহসভাপতি কবিরুল ইসলাম বেগ অভিযোগ করেন, ভাঙা সেতুটির প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল অবৈধভাবে বিক্রি করা হয়েছে। এ ব্যাপারে সওজের লোকজন কোনো খবরই রাখেন না।এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন সেতু নির্মাণ করতে ভেঙে পড়া সেতুটির ইস্পাতের পাত বিক্রি করা হয়েছে।হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুর রহমান বলেন, ‘সওজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা অভিযোগ করলে আমরা মামলা নেব। আটক ব্যক্তিদের থানায় রাখা হয়েছে।’হালুয়াঘাটে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী লিটন হোসেন সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। পুলিশও আমাদের জানায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’