সওজের লোকজনের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইনের তোয়াক্কা না করে খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজনের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ পাওয়া গেছে। এতে বর্ষা মৌসুমে সেখানে ভূমিধসের আশঙ্কা করছে এলাকাবাসী।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, রামগড়-জালিয়াপাড়া সড়ক সংস্কারের নামে ঢাকাইয়া কলোনি এলাকায় জেলা সওজ বিভাগ সম্প্রতি প্রায় ৫০ ফুট উঁচু একটি পাহাড় কেটে ফেলেছে।পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর বলেন, ২০১০ সালের পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত) অনুযায়ী পাহাড় কাটা নিষিদ্ধ হওয়ার পরও সওজ বিভাগের লোকজন যেভাবে পাহাড়টি কেটেছেন, তাতে এখানে বড় ধরনের ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সওজের ট্রাক্টরচালক আবদুল খালেক, আবদুল মান্নান ও এস্কাভেটরচালক ছাইথোয়াই মারমা তাঁকে জানিয়েছেন, রাস্তা বড় করতে সওজ বিভাগের এসডিইর (উপবিভাগীয় প্রকৌশলৗ) নির্দেশে পাহাড়ের মাটি নেওয়া হয়েছে।পরিবেশ সুরক্ষা আন্দোলন খাগড়াছড়ির আহ্বায়ক প্রদীপ চৌধুরী জানান, স্থানীয় প্রশাসনের ছত্রচ্ছায়াতেই এলাকায় নির্বিচারে পাহাড় কেটে বনভূমি ধ্বংস করা হচ্ছে। তিনি এই বেআইনি কার্যকলাপ বন্ধে আইন প্রয়োগকারী সংস্থার নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মো. জাফর আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পাহাড় কাটা ফৌজদারি আইনে শাস্তিযোগ্য অপরাধ।এ বিষয়ে সওজ বিভাগ খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, রামগড়ে পাহাড় কাটার বিষয়ে তিনি অবগত ছিলেন না। তাঁকে বলা হয়েছিল, পাহাড়ের পাদদেশে জমে থাকা সামান্য কিছু মাটি সড়ক সংস্কারে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখন জানা যাচ্ছে, বড় একটি পাহাড় কাটা হয়েছে। এই প্রক্রিয়ায় কারা জড়িত ছিলেন এবং কে কীভাবে লাভবান হয়েছেন, সেই খবর নিয়ে তাঁদের ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘অনুমোদন ছাড়া পাহাড় কাটা পরিবেশ আইনে গুরুতর অপরাধ। একটি সরকারি বিভাগ কীভাবে বেআইনি কাজ করে, তা আমার বোধগম্য নয়। সওজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’