সওজের সব কর্মকর্তা ছুটিতে দরপত্র বিক্রিতে গোঁজামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ফেরি ইজারার দরপত্র বিক্রি নিয়ে গোঁজামিলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দরপত্র ফরম বিক্রির শেষ দিনে অনেক ঠিকাদার ফরম কিনতে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে দেখেন, নির্বাহী প্রকৌশলীসহ সব কর্মকর্তা ছুটিতে আছেন। একজন শাখা কর্মকর্তা ও একজন পিয়ন ছাড়া আর কাউকে না পেয়ে ঠিকাদারেরা ফরম কিনতে পারেননি।
গতকাল দুপুরে সওজ কার্যালয়ে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। নির্বাহী প্রকৌশলীসহ সব কর্মকর্তার কক্ষ তালাবদ্ধ। সম্প্রতি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ উপলক্ষে সওজের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করেছেন।
ঠিকাদারেরা অভিযোগ করেন, গত জুলাইয়ে বরগুনা সওজের আওতাধীন আমতলী-পুরাকাটা ফেরিঘাট ইজারা বিজ্ঞপ্তি আহ্বান করা হয়। গতকাল মঙ্গলবার দরপত্র ফরম বিক্রির শেষ দিন ছিল। ঠিকাদার মো. হালিম অভিযোগ করেন, তিনিসহ আরও কয়েকজন ঠিকাদার ফরম কেনার জন্য সওজের কার্যালয়ে সকাল থেকে তিন-চার ঘণ্টা অপেক্ষা করেন। কিন্তু অফিসের একজন পিয়ন ছাড়া আর কোনো কর্মকর্তাকে না পেয়ে কিনতে পারেননি। অপর ঠিকাদার রোকনুজ্জামানের প্রতিনিধি আবদুস ছত্তার অভিযোগ করেন, সওজের কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে দরপত্র ফরম নিয়ে এ ধরনের ছলচাতুরীর আশ্রয় নিয়েছেন।
দুপুরে ও বিকেলে দুবার সওজ কার্যালয়ে গিয়ে দেখা যায়, একজন পিয়ন ও শাখা কর্মকর্তা আবদুল মতিন অফিস পাহারা দিচ্ছেন। নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, অফিস সহকারী, হিসাবরক্ষক ও অন্যান্য কর্মকর্তার কক্ষগুলো তালাবদ্ধ। শাখা কর্মকর্তা (এসও) আবদুল মতিন জানান, সব কর্মকর্তা ছুটিতে আছেন। তাই ফরম বিক্রি করা যাচ্ছে না।
যোগাযোগ করা হলে ঢাকায় অবস্থানরত বরগুনা সওজের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান প্রথমে বলেন, হয়তো অনেক কর্মকর্তা অফিসের সাইড দেখার জন্য বাইরে রয়েছেন। তাঁরা বরগুনা জেলার বাইরে অবস্থান করছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘বিষয়টি আমি জানি না। যদি তা হয়, তবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ ফরম বিক্রিতে গোঁজামিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যদি কেউ কিনতে না পারে, তবে বিবেচনা করে সময় বাড়ানো হবে। উপবিভাগীয় প্রকৌশলী ফরিদ উদ্দীনকে বেশ কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেনি।