সওজের সব কার্যালয় তিন মাস শুক্র, শনি খোলা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জনগণের দুর্ভোগ লাগবে দ্রুত রাস্তা সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগের সব কার্যালয় আগামী তিন মাস শুক্র ও শনিবার খোলা থাকবে। আমি নিজে কোনো কাজে অনিয়ম করি না। সারা দেশে বেহাল দশার সড়ক সংস্কারে কাউকে অনিয়ম করতে দেওয়া হবে না।’ গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সিলেটে যাওয়ার পথে চা পানের বিরতি নিয়ে যাওয়ার সময় নরসিংদীর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন।ওবায়দুল কাদের আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে দেশের সব সড়ক সংস্কার করা হবে। এতে সড়ক দুর্ঘটনা রোধ এবং সারা দেশের সড়কগুলো বেহাল দশা থেকে মুক্তি পাবে। এ ছাড়া সড়ক দুর্ঘটনা রোধে ইতিমধ্যে দেশের মহাসড়কগুলোর সব বাঁক চিহ্নিত করে তা সোজা ও প্রশস্তকরণের কাজও শুরু হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীকে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে এখানকার দুর্ঘটনা রোধে নরসিংদীর ভেলানগরে ও শিবপুরের ইটাখোলায় দুটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে বলেও তিনি জানান।এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ওবায়দুল আজম, নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুব্রত হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রডিক্স প্রমুখ।