সওজের সাবেক প্রকৌশলীর ৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির দায়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল মালেককে গতকাল বুধবার সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা দুর্নীতির এই মামলার রায় ঘোষণা করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক। মামলার অপর আসামি আবদুল মালেকের স্ত্রী আম্বিয়া খাতুনকে বেকসুর খালাস দেন আদালত।
রায়ে আদালত আবদুল মালেকের নামে থাকা তিন কোটি টাকার স্থায়ী আমানত, তাঁর স্ত্রীর নামে থাকা ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, রাজধানীর পল্লবীতে করা পাঁচতলা বাড়ি, ধানমন্ডি ও গুলশান থানা এলাকার চারটি ফ্ল্যাট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করে এসব রাষ্ট্রীয় কোষাগারে জমা করার নির্দেশ দেন।
রায়ে বলা হয়, আসামি আবদুল মালেক ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জন করেন এবং তা সম্পদ বিবরণীতে গোপন করেন। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ দুদক প্রমাণে সক্ষম হওয়ায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হলো।
এ মামলার অভিযোগপত্রে আবদুল মালেকের স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা গোপনে সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, আম্বিয়া খাতুন সরকারি কর্মচারী না হওয়ায় দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেননি এই বিবেচনায় আদালত তাঁকে খালাস দিয়েছেন। তবে রায়ের কপি পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মামলায় অভিযোগ করা হয়, জ্ঞাত আয়বহির্ভূত চার কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৯৯৫ টাকার সম্পদ আবদুল মালেক তাঁর আয়কর বিবরণীতে গোপন করেন। একইভাবে তাঁর স্ত্রীর নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ দুই কোটি ১৯ লাখ ৮১ হাজার ৫০৪ টাকা। তাঁদের দুজনের নামে থাকা অর্থের বৈধ কোনো উৎস নেই। ২০০৬ সালের ৫ জুন মোট ছয় কোটি ৬১ লাখ ১৮ হাজার ৪৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ধানমন্ডি থানায় দুদক এই মামলা করে। ২০১১ সালের ১৫ জুন দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আবদুল মালেক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।