সওজের ১৯টি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় সড়ক ও জনপথের (সওজ) প্রায় সোয়া দুই কোটি টাকার ১৯টি গুচ্ছ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কয়েকটি প্রকল্পে নামমাত্র কাজ করে, আবার কয়েকটিতে কাজ না করেই বেশির ভাগ অর্থ লোপাট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।সওজের বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, তিনটি সড়কের দুই পাশের বর্ধিতকরণ, মাটি ভরাট, পাইলিং ও দুটি ফেরির জন্য স্টিল ওয়্যার রোপসহ (ইস্পাতের তার পেঁচানো রশি) ১৯টি গুচ্ছ প্রকল্পের কাজের জন্য গত বছরের সেপ্টেম্বর মাসে দরপত্র আহ্বান করা হয়। পরে এসব কাজের অনুকূলে গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত বিভিন্ন সময়ে কার্যাদেশ দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আমতলী-বরগুনা-কাকচিঁড়া সড়কে চারটি, পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে সাতটি, বরগুনা-বাকেরগঞ্জ সড়কে ছয়টি, দুটি ফেরিতে রশি সরবরাহ এবং রাস্তা রক্ষণাবেক্ষণের মালামাল সরবরাহ।সরেজমিনে দেখা গেছে, আমতলী-বরগুনা-কাকচিঁড়া সড়কের পুরাকাটা অংশের চারটি স্থানে পাইলিং ধসে পড়েছে।এলাকার বাসিন্দা আফজাল হোসেন বলেন, ‘কিছু মেহগনিগাছের ডালপালা পুঁতে সামান্য বালু দিয়ে যেনতেনভাবে কাজ করায় কয়েক দিনের মাথায় তা পচে রাস্তায় ধস নেমেছে।’ এই কাজে প্রায় পাঁচ লাখ টাকা বরাদ্দ ছিল। ঠিকাদার মো. রফিক বলেন, ‘আমি বরাদ্দ অনুযায়ী যথাযথভাবে কাজ করেছি।’এদিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের দুই পাশ মাটি দিয়ে মেরামত প্রকল্পেও নামমাত্র কাজ হয়েছে। মুন্সিগঞ্জ বাজার থেকে চৌমাথা পর্যন্ত এক হাত প্রশস্ত ধরে দুই পাশে মাটির কাজ করা হয়েছে। ২০ লাখ টাকার এই কাজ পায় আল-মদিনা ট্রেডার্স নামে বরগুনার এক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মালিক আফজাল হোসেন বলেন, ‘কাজের মান খারাপ হয়নি। গত জুন মাসে কাজ শেষ করেছি কিন্তু সব বিল এখনো পাইনি।’ বরগুনা-কাকচিঁড়া সড়কের ৪৭ ও ৪৮তম কিলোমিটারের রাস্তার দুই পাশ বালু, খোয়া দিয়ে ভরাট ও পিচ ঢালাই করে (ফ্লেক্সিবল পেভমেন্ট) বর্ধিতকরণের প্রায় ৬২ লাখ টাকার কাজ পান জেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের মেসার্স মিথুন ট্রেডার্স। তিনি স্থানীয় সাংসদের ভায়রা।সরেজমিনে দেখা যায়, এই সড়কের ৪৭তম অংশে কোনো কাজ হয়নি। ৪৮তম অংশে আধা কিলোমিটারের বর্ধিতকরণের কাজ হয় দুই বছর আগে। স্থানীয় পোটকাখালী এলাকার বাসিন্দা আবদুর রহিম বলেন, ‘রাস্তার ৪৮তম অংশে পোটকাখালী সেতু থেকে খেয়াঘাট বাজার পর্যন্ত আধা কিলোমিটার রাস্তার দুই পাশ সম্প্রসারণ কাজ হয় প্রায় দুই বছর আগে। এই কাজ করান বরগুনার আফজাল হোসেন নামে একজন ঠিকাদার।’ ঠিকাদার সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি কাজ শুরু করেছি এবং বৃষ্টি শেষ হয়ে গেলেই কার্পেটিং শেষ হয়ে যাবে।’ আপনি কাজ করাচ্ছেন ৪৬তম অংশের কিন্তু আপনাকে কার্যাদেশ দেওয়া হয়েছে ৪৭ ও ৪৮তম অংশের—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওটা আমার অংশ নয়।’ কাজের তদারকির দায়িত্বে থাকা সওজের শাখা কর্মকর্তা (এসও) মতিন বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ৪৬তম অংশের কাজের জন্য ভিন্ন দরপত্র হয়েছে এবং সেটিও সিদ্দিক সাহেব পেয়েছেন। সেখানে কাজ চলছে। ৪৭ ও ৪৮তম অংশের কাজের ব্যাপারে তিনি প্রথমে বলেন, ‘সেটা ঠিকাদারকে জিজ্ঞেস করেন।’ পরে তিনি বলেন, ‘৪৬তম অংশে যে কাজ হচ্ছে সেটাই ওই কাজ।’এদিকে বরগুনার দুটি ফেরিঘাটে ব্যবহারের জন্য স্টিল ওয়্যার রোপ ও ইউক্লাম্প (লোহার ক্লাম্প) সরবরাহের প্রায় ১৫ লাখ টাকার কাজ পায় পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান।পুরাকাটা ও বরইতলা ফেরিঘাটের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক বছরে দুটি ফেরিতে কোনো নতুন রশি সরবরাহ করা হয়নি। পুরাকাটা ফেরিঘাটের ইজারাদারের প্রতিনিধি ফেরদৌস জানান, এক বছরে তাদের ফেরিতে নতুন কোনো রশি সরবরাহ করা হয়নি। একইভাবে বরইতলা ফেরিতেও গত এক বছরে নতুন রশি সরবরাহ করা হয়নি বলে জানান ফেরির কর্মচারীরা।সওজের বরগুনা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ টি এম রফিকুল ইসলাম বলেন, ‘কাজের দরপত্র অনুযায়ী কাজ বুঝে নিয়ে আমরা বিল দিই। ওই প্রকল্পের অনেক কাজ চলমান আছে।’জেলা প্রশাসক মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন প্রকল্পে অস্বচ্ছতা লক্ষ করা যাচ্ছে। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সওজের দায়িত্বশীল কোনো কর্মকর্তা উপস্থিত হন না এবং উন্নয়ন প্রকল্প সম্পর্কে কোনো তথ্য-উপাত্ত উপস্থাপন করেন না। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।’