সওজের ৪০ কোটি টাকার জমি উদ্ধার
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ৫০ শতক জমি উদ্ধার হয়েছে। ওই জমির আর্থিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে ওই জমিতে নির্মিত ২০টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আদালতের বিচারিক হাকিম শামসুল আরিফীন জানান, সওজের চাওয়ার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে গতকাল অভিযান চালানো হয়। এর আগে তিন দিন মাইকিং করে দোকানগুলো সরিয়ে নিতে বলা হলেও কেউ দোকান সরাননি। গতকাল বুলডোজার দিয়ে দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পাটগুদাম আন্তজেলা বাসস্যান্ড এলাকায় যানজট নিরসনের জন্য একটি সড়কদ্বীপ করা হবে। এর জন্যই দোকানগুলো ভাঙা হয়েছে।
ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক বলেন, ‘পাটগুদাম বাস টার্মিনাল এলাকায় যত্রতত্রভাবে চলা যানবাহনের শৃঙ্খলা আনতে সওজের সম্মতিতে পৌরসভা দোকানগুলো নির্মাণ করা হয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে দোকানগুলো ভাঙা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানিদের পুনর্বাসন করা হবে বলে আশ্বাস দিয়েছি।’