সওজের ৪২ হাজার গাছের বেশির ভাগেরই অস্তিত্ব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগের কয়েকটি সড়কে লাগানো সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বেশির ভাগ গাছেরই অস্তিত্ব নেই। এরই মধ্যে ঠিকাদারেরা গাছ লাগানোর বিল তুলে নিয়ে গেছেন। সওজ কর্তৃপক্ষ ঠিকাদারদের নোটিশ দিলেও কোনো ঠিকাদারই পুনরায় গাছ লাগাননি।
সওজ সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের পাঁচটি সড়কে ২০১২-১৩ অর্থবছরে সওজের নির্বাহী বৃক্ষপালনবিদের রাজশাহী উপবিভাগের আওতাধীন এলাকায় ঠিকাদারদের মাধ্যমে ৪২ হাজার গাছ রোপণ করা হয়।
সরেজমিনে ও সড়কসংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্ধারিত উচ্চতার চেয়ে ছোট গাছ অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে এবং ওই গাছ রক্ষণাবেক্ষণের জন্য মালি নিয়োগ না দেওয়ায় গাছগুলো মরে গেছে। অনেক জায়গায় গাছ লাগানোই হয়নি। সওজের প্রতিবেদন অনুযায়ী, ৪২ হাজার গাছের মধ্যে মাত্র ১২ হাজার ৭০০টি জীবিত আছে।
৪২ হাজার গাছের মধ্যে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের ২৭ থেকে ৩৮তম কিলোমিটার মধ্যকার এলাকায় ১০ হাজার, বগুড়া-রংপুর সড়কের ১২ থেকে ২৫ কিলোমিটারে ১০ হাজার, ধুনট-লাংলো-গাবতলী-লাউড়ামালা-চৌকিরঘাট সড়কের দুই থেকে আট কিলোমিটারে সাত হাজার, ৯ থেকে ১৫ কিলোমিটারে ছয় হাজার এবং নাটোর-বনপাড়া-হাটিকুমরুল সড়কের ২৮, ৩০, ৩৩, ৩৫, ৩৬, ৩৭ ও ৩৯তম কিলোমিটারে নয় হাজার গাছ রোপণ করার কথা ছিল। দরপত্রে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতার প্রতিটি গাছের জন্য ২৪ টাকা বরাদ্দ করা হয়। প্রতি এক কিলোমিটার সড়কের গাছ পাহারা দেওয়ার জন্য একজন করে মালি নিয়োগের কথা ছিল। মালির জন্য মাসে বরাদ্দ রাখা ছিল চার হাজার টাকা করে। এসব গাছ রোপণের দায়িত্ব পান রাজশাহী নগরের দাশপুকুর এলাকার ঠিকাদার হাবিবুর রহমান, ডিঙ্গাডোবা এলাকার ওয়াজির আলী ও লক্ষ্মীপুর এলাকার গিয়াস উদ্দিন।
৩ এপ্রিল রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে গিয়ে দেখা গেছে, সড়কের বেশির ভাগ অংশেই কোনো গাছ নেই। স্থানীয় বাসিন্দারা জানান, ফরিদপুর, সুলতানগঞ্জ ও সারেংপুর এলাকায় রাস্তার পাশে কিছু গাছ লাগানো হয়েছিল। কিন্তু এত ছোট আকারের গাছ লাগানো হয়েছিল যে কেউ পাহারা না দিলে এ গাছ বড় হওয়ার কথা নয়। আর পাহারা দেওয়ার জন্য মালিও নিয়োগ করা হয়নি। এ ছাড়া একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্বও পরিমাণমতো রাখা হয়নি। ফলে বেশির ভাগ গাছ মারা গেছে।
গোদাগাড়ির সুলতানগঞ্জ এলাকার শুরুতে রাস্তার দক্ষিণ পাশের একটি জায়গায় কয়েকটি তাজা কড়ইগাছের চারা দেখা যায়। এগুলোর কোনোটিরই উচ্চতা দুই থেকে আড়াই ফুটের বেশি নয়। আরও কয়েকটি এলাকায় অল্প কিছু গাছের অস্তিত্ব দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, বাকি সড়কের গাছেরও একই অবস্থা।
সওজ সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ সওজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই সড়কগুলোয় ১২ হাজার ৭০০টি গাছ জীবিত রয়েছে। পরে সড়কের পাশের ফাঁকা জায়গাগুলোয় পুনরায় গাছ লাগানোর জন্য ঠিকাদারদের চিঠি দেওয়া হয়। তাঁরা আগামী জুন মাসের দিকে বর্ষা মৌসুমে গাছ লাগিয়ে দেবেন বলে জানিয়েছেন। কিন্তু ৩০ জুন গাছ রক্ষণাবেক্ষণের জন্য মালি নিয়োগের সময় শেষ হয়ে যাবে। এ অবস্থায় গাছ লাগানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সওজের নির্বাহী বৃক্ষপালনবিদ সোহরাব হোসেন জানান, সড়কের কোথাও ৩০ শতাংশ, আবার কোথাও ২০ শতাংশ গাছ জীবিত রয়েছে। তাঁরা যদি চুক্তি মোতাবেক গাছ লাগিয়ে না দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।