সওদাগরপাড়ায় প্রকাশ্যে চলে মাদক বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের সওদাগরপাড়ায় প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও সেবন চলছে। প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অনেকে জানান, প্রায় চার দশক আগে বেদেদের একটি দল উপজেলার বেদডোবা গ্রামে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় বসতি স্থাপন করে। পরে এটি সওদাগরপাড়া হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে এখানে প্রায় ৩০০ পরিবার বসবাস করছে।পাড়ার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, সাত-আট বছর আগে এই পাড়ার ফারুক সওদাগর ও ছুনু সওদাগর প্রথমে মাদক ব্যবসা শুরু করেন। ছুনু ওই সময় কালিহাতী থানায় লাশবাহী ভ্যান চালাতেন। তাই পুলিশের সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে ওঠে। ফারুকের সঙ্গে এলাকার প্রভাবশালী মহলের সম্পর্ক থাকায় তিনিও মাদক ব্যবসায় তাঁদের সহায়তা পেতেন। এই দুই মাদক ব্যবসায়ী তাঁদের ব্যবসার সঙ্গে সওদাগরপাড়ার অনেককেই সম্পৃক্ত করেন। তাঁদের মতে, মাদকের অবৈধ কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাতারাতি অনেক পয়সার মালিক হতে দেখে পাড়ার অনেকে উৎসাহিত হয়। এভাবে পাড়ার কমপক্ষে ২৫টি পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। সরেজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন বাড়িতে প্রকাশ্যে চলছে মাদক বিক্রি। ছুনুর বাড়ির উঠানে পাঁচ-ছয়জন যুবক হেরোইন সেবন করছেন। হেরোইন-ইয়াবাসেবীদের এমন জটলা দেখা গেল আরও অনেক বাড়িতে। অনেক বাড়িতে নারী ও শিশুদেরও মাদক বিক্রি করতে দেখা যায়। তবে ফারুক ও ছুনুর বাড়ি গিয়ে তাঁদের পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোন নম্বর চাইলে বাড়ি থেকে জানানো হয়, তাঁরা ফোন ব্যবহার করেন না। সওদাগরপাড়ার লোকজন জানান, তাঁরা ফোন ব্যবহার করলেও মাদক ব্যবসাসংশ্লিষ্ট লোকজন ছাড়া কাউকে নম্বর দেন না। অভিযোগ রয়েছে, এলাকাবাসীর দাবির মুখে পুলিশ মাঝেমধ্যে সওদাগরপাড়ায় অভিযান চালালেও শুধু মাদকসেবীদের ধরে। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা থেকে যান ধরাছোঁয়ার বাইরে। সওদাগরপাড়ার পাশেই কালিহাতী পালপাড়ার কালীবাড়ী ও নাটমন্দির। পালপাড়ার একাধিক ব্যক্তি জানান, বিভিন্ন এলাকার মাদকাসক্ত ব্যক্তিরা এসে তাঁদের নাটমন্দিরে মাদকের আসর বসায়। কিন্তু তাঁরা প্রতিবাদ করতে সাহস পান না। কারণ, সওদাগরপাড়ার মাদক ব্যবসায়ীরা সবাইকে ‘হাত’ করেই এ ব্যবসা করেন। কালিহাতী পৌরসভার মেয়র আনছার আলী জানান, সওদাগরপাড়ায় মাদক ব্যবসা দিন দিন বাড়ছে। সওজ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা এই পল্লিটি উচ্ছেদের জন্য তিনি গত সেপ্টেম্বর মাসে জেলা আইনশৃঙ্খলা উন্নয়ন কমিটির সভায় তুলে ধরেন। ওই সভায় উচ্ছেদ অভিযানের জন্য সওজ বিভাগকে অনুরোধ জানানো হয়। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। টাঙ্গাইল সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত হোসেন জানান, উচ্ছেদের বিষয়টি প্রক্রিয়াধীন। এ প্রসঙ্গে কালিহাতী কলেজের বাংলা বিভাগের শিক্ষক এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সহসভাপতি বাদল মাহমুদ বলেন, কালিহাতীকে মাদকমুক্ত করতে সওদাগরপাড়ায় সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মাদক প্রতিরোধ করা না গেলে কালিহাতীর তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে বলে তিনি মনে করেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, প্রতিমাসেই সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেপ্তার করা হয়। কিন্তু তাঁরা জামিনে এসে আবার এ ব্যবসা শুরু করেন।