সকলের তরে সকলে আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধসে যাওয়া রানা প্লাজা থেকে ঘোষণা এল: জরুরি ভিত্তিতে অক্সিজেন প্রয়োজন। হ্যান্ডমাইকে সেই ঘোষণার পুনরাবৃত্তি করলেন ঢাকা সিটি কলেজের ছাত্র শোয়াইব মজুমদার। প্রায় সঙ্গে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটলেন স্পেকট্রা অক্সিজেন লিমিটেডের কর্মীরা।রানা প্লাজা ঘিরে যে উদ্ধারকাজ চলছে, তাতে সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সসহ প্রশিক্ষিত বাহিনীর পাশাপাশি কাজ করছেন বহু স্বেচ্ছাসেবী। তাঁরা অনেকে স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। আবার কেউ এসেছেন ব্যক্তিগতভাবে। সাহস, কষ্টসহিষ্ণুতা আর নিঃস্বার্থ পরোপকারের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁরা।ধসে পড়া ভবনের ছাদ কেটে ফায়ার ব্রিগেডকে উদ্ধারে সহযোগিতা করছেন আনন্দ শিপইয়ার্ডের কর্মীরা। ভেতরে আলো সরবরাহ করছে এনার্জিপ্যাক। কেউ উদ্ধার হওয়া মাত্রই স্বেচ্ছাসেবকেরা হ্যান্ডমাইকে জানিয়ে দিচ্ছেন। ভবনের নিচেই অপেক্ষা করছেন চিকিৎসকেরা। সরকারি অ্যাম্বুলেন্সের পাশাপাশি কাজ করছে মেডিনোভা, শমরিতা, ল্যাবএইড, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও আঞ্জুমান মুফিদুল ইসলামের অ্যাম্বুলেন্স।স্বেচ্ছাসেবকের এই দলে কে নেই? স্থানীয় তরুণেরা যেমন আছেন, তেমনি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এমনই একজন মির্জা মনোয়ার হোসেন। তাঁরা ১৪ জন বন্ধু মিলে গড়ে তুলেছিলেন ‘বন্ধু’ নামের সংগঠন। মাসে ৩০০ টাকা করে জমিয়ে প্রায় দুই লাখ টাকা সঞ্চয় করেছিলেন, পুরোটাই উদ্ধার অভিযানে ব্যয় করেছেন। মোহাম্মদপুরের ‘মাযা’ রেস্তোরাঁর মালিক সাদাফ হাসনাইন ব্যবসা ফেলে ২৫ বন্ধু নিয়ে জনসেবায় নেমেছেন। এই কর্মযজ্ঞে আছেন রেড ক্রিসেন্ট সোসাইটি, বিএনসিসি, গণজাগরণ মঞ্চ, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ, স্কাউট ও গার্ল গাইডের কর্মীরা। হেফাজতে ইসলামের একটি মেডিকেল টিম কাজ করছে। তাদের একদল কর্মী দুর্ঘটনার দিন থেকেই উদ্ধারকাজে সাহায্য করছেন।মোহাম্মদী গ্রুপ, ওয়ালটনসহ বেশ কিছু প্রতিষ্ঠান স্বজনের খোঁজে আসা ও উদ্ধারকাজে নিয়োজিতদের জন্য খাবার ও পানি সরবরাহ করছে। কংক্রিট ব্রেকার ও জেনারেটর দিয়ে সাহায্য করছে সামিট গ্রুপ। সহযোগিতার হাত বাড়িয়েছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক দল। স্বজনহারা শিশুদের সাহায্যে আছে সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।