সকাল থেকে গণসংযোগে ব্যস্ত মহিউদ্দিন ও মঞ্জুর
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও এম মঞ্জুর আলম গতকাল শনিবার গণসংযোগ, কুশল বিনিময়, মতবিনিময় করে ব্যস্ত সময় কাটিয়েছেন। তাঁরা গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন।আওয়ামী লীগ-সমর্থিত চট্টগ্রাম নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মহিউদ্দিন চৌধুরী সকালে অক্সিজেন মোড়, চট্টগ্রাম ইপিজেড, বন্দরটিলা ও মুরাদপুর এলাকায় গণসংযোগ করেন। বন্দরটিলায় গণসংযোগের সময় তিনি বলেন, ‘এই চট্টগ্রাম একসময় অবহেলিত ছিল। এখানে এখন ভালো রাস্তাঘাট হয়েছে। স্কুল-কলেজেরও উন্নতি হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’ অক্সিজেন মোড়ে গণসংযোগের সময় তিনি বলেন, ‘আপনারা আমাকে দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে অতীতের মতো আগামী দিনেও অবহেলিত চট্টগ্রামের উন্নয়ন হবে।’ তাঁর সঙ্গে স্থানীয় নাগরিক কমিটির নেতারা গণসংযোগে অংশ নেন। দুপুরে মহিউদ্দিন চৌধুরী চশমা হিলে তাঁর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আমি কোথাও কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, ভোটও চাচ্ছি না। শুধু দোয়া চেয়ে বলছি, আপনারা সহযোগিতা করলে আবারও আমি বিজয়ী হব।’ সাবেক মেয়র মহিউদ্দিন বিকেলে আগ্রাবাদে একটি অভিজাত হোটেলে সোনালী ব্যাংকের গ্রাহকসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যান। তবে তিনি অনুষ্ঠানের মঞ্চে ওঠেননি বা বক্তব্য দেননি। তিনি সেখানে উপস্থিত ব্যাংকের কর্মকর্তা, চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে কুশল বিনিময় করে চলে আসেন। এদিকে চট্টগ্রামের তিন সাংসদ মোশাররফ হোসেন, ফজলে করিম চৌধুরী ও মাইনউদ্দিন খান বাদল রাতে নন্দনকাননে নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে যান। তাঁরা সেখানে নাগরিক কমিটি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মহিউদ্দিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে তিন সাংসদ ঐক্যবদ্ধভাবে কাজ করে নাগরিক কমিটির মেয়র প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের প্রার্থী জিততে না পারলে নগর প্রশাসনে নৈরাজ্য সৃষ্টি হবে, উন্নয়নের ধারা ব্যাহত হবে।’ মঞ্জুরের গণসংযোগ, মতবিনিময়: এদিকে বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী মঞ্জুর আলম সকালে হালিশহর থানা বিএনপি, বাংলাদেশ শিক্ষক সমিতি এবং বন্দর ও ডকশ্রমিক নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন। তাঁর কাট্টলীর বাসভবনে অনুষ্ঠিত এসব মতবিনিময়ে তিনি বলেন, গত ১৭ বছরে চট্টগ্রাম নগরে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। সিটি করপোরেশনকে সেবার পরিবর্তে বাণিজিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। উন্নত চট্টগ্রামের জন্য পরিবর্তন প্রয়োজন। তিনি ১৭ জুন সিটি করপোরেশন নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এসব মতবিনিময়ে হালিশহর থানা বিএনপির সভাপতি জামালউদ্দিন, বন্দর ও ডকশ্রমিক নেতাদের মধ্যে এম এ আজিজ, নুরুল্লাহ বাহার, শামসুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতির নেতা মহিবুর রহমান, সেলিম ভূঁইয়া, এম এ সাফা চৌধুরী, সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।মঞ্জুর বিকেলে ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ মাদ্রাসার একটি অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী। পরে তিনি ওই এলাকায় গণসংযোগ করেন।এ ছাড়া মঞ্জুর আলম পরিকল্পিত নগর গড়ে তোলা, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে অনলাইনে ১২ জন নাগরিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সূত্র জানায়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবরে ফাতিহা পাঠ করতে যাবেন মঞ্জুর আলম। রাঙ্গুনিয়ায় যাওয়ার জন্য তিনি নগরের ৪১টি ওয়ার্ডের বিএনপির নেতা-কর্মীদের জন্য ৮২টি গাড়ির ব্যবস্থা করেছেন। এ ছাড়া প্রতি থানায় চারটি করে গরু জবাই করে মেজবানের পরিকল্পনা থাকলেও সমালোচনা এড়াতে তিনি তা থেকে সরে আসেন। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘গরু দিয়ে মেজবানের পরিকল্পনা থেকে মঞ্জুর সাহেব সরে এসেছেন। তবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি কাল (আজ রোববার) রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার প্রথম কবরে ফাতিহা পাঠ করতে যাবেন। আমাদের কেন্দ্রীয় নেতা জয়নাল আবদিন ফারুকও এই বহরে থাকতে পারেন।’