সকাল থেকে পথের দুর্ভোগে নাকাল রাজধানীবাসী
রাজধানীর গুলশান ১ নম্বরে অফিস। একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আবদুল কাইয়ুম থাকেন মণিপুরীপাড়ায়। বিমানবন্দর সড়কে গুলশানগামী গাড়ির লম্বা সারি দেখে বেছে নিয়েছিলেন নাখালপাড়ার সরু গলি। এই ঘুর পথ ধরে আগে যাবেন এই চিন্তায়। কিন্তু বিধি বাম। সেখানে পরিস্থিতি আরও ভয়াবহ। রিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সরু রাস্তায় বাড়তি ঝামেলা তৈরি করছিল ব্যক্তিগত গাড়িগুলো। রিকশায় করে কোনোক্রমে মহাখালী পৌঁছে, সেখান থেকে আবার রিকশা নিয়ে টিবি গেটে। তবে অফিসে পৌঁছাতে পৌনে এক ঘণ্টা দেরি ঠেকাতে পারলেন না।
টানা চার দিনের হরতাল শেষে সপ্তাহের একটি মাত্র কর্মদিবসে রাজধানীবাসীর গতকাল বৃহস্পতিবারের সকাল শুরু হয় পথে প্রচণ্ড যানজট দিয়ে। চার দিন পর কর্মব্যস্ত মানুষ ঊর্ধ্বশ্বাসে ছুটে বেরিয়েছে ঘর থেকে। কিন্তু পথের জটে আটকে কর্মঘণ্টার অনেকটা খোয়াতে হয়েছে। হতে হতে বন্ধ হয়ে যাওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ছিল গতকাল। সকালের যানজটে এটি বাড়তি মাত্র যোগ করেছে। যানজটের ভয়াবহতা দেখা গেল জাতীয় সংসদের কাছে খামারবাড়ির পাশের রাস্তায়। চতুর্দিকের রাস্তা দিয়েই শত শত যানবাহনের বহর। একটা পর্যায়ে ট্রাফিকের সিগন্যালও মানা হচ্ছিল না। রিকশায় বসে অফিস যাত্রী সাইদা খানম বলছিলেন, ফুটপাত ধরে যে যাব, তার উপায় নেই। আধা ঘণ্টা ধরে এক জায়াগায় বসে আছি। তাঁর কর্মস্থল লালমাটিয়ায়।
জেএসসি পরীক্ষার কেন্দ্র তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে প্রচণ্ড ভিড়। তেজগাঁও রেলগেট থেকে সব যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে পরীক্ষার জন্য। মহাখালীর কাছের আরজতপাড়ার বাসিন্দা ইকবাল মাহমুদকে তাই পরীক্ষার্থী কন্যাসহ হেঁটে আসতে হয়েছে প্রায় এক কিলোমিটার। কেবল রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়, গাড়ি চলার কোনো উপায় ছিল না, সে জন্যই এই পদযাত্রা। নইলে সঠিক সময়ে মেয়ে কেন্দ্রে ঢুকতে পারত না বলে মনে করেন তিনি।
সকালে পুরান ঢাকার অবস্থা অন্যান্য এলাকার চেয়ে ছিল আরও খারাপ। রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা একরামুল হক রাসায়নিকের ব্যবসা করেন মিটফোর্ডে। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকেই সিএনজিচালিত অটোরিকশা ছেড়ে দিয়ে হাঁটা শুরু করেন। পুরো রাস্তা হাঁটেন। কেননা যানজটে স্থবির হয়ে গিয়েছিল পুরো রাস্তা।
গতকাল সকালে রাস্তার যখন এই হাল, তখন অবস্থা বুঝে অস্বাভাবিক ভাড়া হাঁকতে শুরু করেন সিএনজি ও ট্যাক্সিক্যাব চালকেরা।
রাজধানীর একাধিক জায়গায় গণপরিবহনে না উঠতে পেরে পথচারীদের ভোগান্তি চোখে পড়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, টানা চার দিন হরতালের পর গতকাল ছিল প্রথম কর্মদিবস, একই সঙ্গে সপ্তাহের শেষ কর্মদিবস। এ জন্য বাড়তি চাপ ছিল। জেএসসি পরীক্ষা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আটকে থাকা পরীক্ষা ছিল। এসব কারণে সকাল থেকে নগরে অন্য দিনের চেয়ে যানবাহন ও মানুষের চাপ ছিল বেশি। আর কিছু এলাকায় আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের হয়েছিল। সব মিলিয়ে রাস্তাগুলোতে যানজট লেগে যায়।