সকাল থেকে সন্ধ্যা কাজ আর কাজ!
সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জনবলের সংকটের কারণে প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে দাপ্তরিক কাজেও স্থবিরতা দেখা দিয়েছে।গোয়াইনঘাট শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সহকারী শিক্ষা কর্মকর্তা পদে ছয়জনের স্থলে কর্মরত আছেন মাত্র দুজন। তাঁদের একজনের আবার বদলির আদেশ হয়ে গেছে। অপরদিকে অফিস সহকারীর তিনটি পদের মধ্যে দুটি পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এমএলএসএসের একমাত্র পদটিও দুই বছর ধরে খালি পড়ে আছে। ফলে গোটা উপজেলায় ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০টি রেজিস্টার্ড বেসরকারি ও আটটি কমিউনিটি বিদ্যালয়ের বেতন-ভাতাসহ দাপ্তরিক কাজ সামলাতে হিমশিম খাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। এ ব্যাপারে বিন্নাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ বলেন, ‘শিক্ষা অফিসে জনবল-সংকটের কারণে শিক্ষকদের বিভিন্ন কাজ জমা পড়ে যাছে। এতে শিক্ষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির গোয়াইনঘাট শাখার সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বলেন, ‘ভাবতে আশ্চর্য লাগে, একটি শিক্ষা অফিস একজন মাত্র ক্লাক দিয়ে চলছে। একজন এমএলএসএস পর্যন্ত নেই।’সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চৌধুরী বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ আর কাজ। গোটা উপজেলা দুজন কর্মকর্তা দিয়ে কীভাবে চলে?’শিক্ষা অফিসের প্রধান সহকারী মুজিবুর রহমান বলেন, ‘পাঁচ শতাধিক শিক্ষকের বেতন-ভাতাসহ দাপ্তরিক নানা কাজ আমাকে একাই সামলাতে হয়। মাঝে মাঝে এ কারণে অসুস্থ হয়ে পড়ি।উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন দে বলেন, ‘এখন কাজ বেশি। কিন্তু গোয়াইনঘাট শিক্ষা অফিসে জনবলের সংকট চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত কর্মকর্তার সংকট কাটবে না। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।’