সকাল-দুপুরের খাবার রান্না হয় রাতে, রাতের জন্য বিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে একযোগে গ্যাস ও পানির সমস্যা চলছে। বিশেষ করে ওই সেক্টরের ৪ নম্বর সড়কের বাড়িগুলোতে গ্যাসের সমস্যা। সেখানে রাতে রান্না হয় সকাল-দুপুরের খাবার, আর বিকেলে হয় রাতের রান্না। এলাকায় পানির সমস্যাও চলছে।

গতকাল সোমবার এলাকার বাসিন্দারা জানান, প্রায় চার মাস ধরে চুলায় গ্যাসের আঁচ নেই। পানির তীব্র সমস্যা চলছে ছয় মাসের বেশি সময় ধরে।  

৪ নম্বর সড়কে ৩০টির মতো বহুতল ভবনে বসবাস করে তিন শতাধিক পরিবার। প্রতিটি পরিবার গ্যাস ও পানির সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছে। ৫০ নম্বর বাড়ির বাসিন্দারা জানান, সকালের খাবার কখনো সকালে তৈরি করা যায় না। কারণ, গ্যাস থাকে না। সকালের নাশতা ও দুপুরের খাবার রান্না হয় রাতের বেলায় অসময়ে। রাতের রান্না হয় বিকেলে। খুব কম দিনই এর ব্যতিক্রম হয়।

এলাকার বেশির ভাগ বাড়িতেই এ অবস্থা। প্রান্তসীমার একটি বাড়িতে দিনে-রাতে চার ঘণ্টাও গ্যাস থাকে না বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাড়ির লোকজন। অথচ প্রতি মাসেই তাঁদের যথারীতি গ্যাসের বিল দিতে হচ্ছে।

জানতে চাইলে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির অপারেশন বিভাগ থেকে বলা হয়, প্রধানত উত্তরার ৫ নম্বর সেক্টরে গ্যাস সমস্যা। আশপাশের এলাকায়ও থাকতে পারে। সেখানে বিতরণ পাইপে সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখা হবে।  

এলাকায় পানির সমস্যা আগেও ছিল। গত ছয় মাসে সমস্যা অত্যন্ত বেড়ে গেছে। ৫ নম্বর সেক্টরে কোনো গভীর নলকূপ নেই। পার্শ্ববর্তী ১৪ নম্বর সেক্টরে যে পাম্পহাউস রয়েছে, সেখান থেকেই পানি সরবরাহ করা হয়। এলাকায় পানির সংকটের এটাই বড় কারণ। এলাকাবাসীর অভিযোগ, ১৪ নম্বর সেক্টরে পানি সরবরাহের পর যেটুকু পানি অবশিষ্ট থাকে, তা আসে ৫ নম্বর সেক্টরে। অপেক্ষাকৃত উঁচু জায়গায় এবং সড়কের প্রান্তসীমার বাড়িগুলোতে পানি আসেই না। মাঝে মাঝে এমনও হয়, মোটর দিয়ে টানলেও পানি আসে না। কারণ, পাইপলাইনে পানি থাকে না।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উত্তরা ৬ নম্বর সেক্টরে ঢাকা ওয়াসার স্থানীয় কার্যালয় থেকে জানানো হয়, ৫ নম্বর সেক্টরে এমন একখণ্ড জমি পাওয়া যাবে না, যেখানে গভীর নলকূপ বসানো বা পাম্পহাউস নির্মাণ করা যায়। মূলত জায়গার অভাবেই গভীর নলকূপ ও পাম্প হচ্ছে না।

কয়েকটি বাড়ির বাসিন্দারা একযোগে অভিযোগ করেন, ওয়াসার গভীর নলকূপ নেই; কবে হবে, তারও ঠিক নেই। তাঁরা নিজ বাড়িতে ছোট আকারের গভীর নলকূপ বসাতে চেয়েছেন, তাও সম্ভব হচ্ছে না। কারণ, ওয়াসার পক্ষ থেকে সেই অনুমতি পাওয়া যায়নি।    

অনেকে পানির গাড়ির জন্য নিয়মিত আবেদন করেন। তবে পানির গাড়ির জন্য ওয়াসার কাছে আবেদন করলে দু-তিন দিন পরে আসে। মাঝে মাঝে গাড়ির গায়ে লেখা দামের চেয়ে বেশি দাম আবদার করেন ওয়াসার লোকজন।