সকাল-বিকাল ঘরদুয়ারে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার লক্ষাধিক মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। কারণ, তাদের ঘরবাড়িতে প্রতিদিন দুবার জোয়ারের সময় পানি ঢোকে। এ সময় সড়কগুলোও তিন-চার ফুট পানির নিচে তলিয়ে থাকে। এতে এই উপজেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ছয় দিন ধরে তারা এভাবে দুর্ভোগ পোহাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে টেকনাফ উপজেলার উপকূলীয় এলাকার বাঁধের চারটি স্থান ভেঙে গেছে। কয়েক দিন ধরে জোয়ারের সময় ওই সব স্থান দিয়ে পানি লোকালয়ে ঢুকছে। এতে এ পর্যন্ত ৭০০ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকের ঘেরের মাছ ভেসে গেছে। পানি জমে থাকায় উপজেলার জালিয়াপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। টেকনাফ জালিয়াপাড়ার গৃহিণী আমেনা খাতুন বলেন, ‘এখন আমাদের জীবনে জোয়ার-ভাটা নেমে এসেছে। প্রথমবার পানি ঢুকে ঘরে যে চাল ছিল, তা ভেসে গেছে। জোয়ারের সময় ঘরে হাঁটুপানি জমে থাকে। আবার ভাটার সময় পানি নেমে যায়। এ সময় পানি নেমে গেলেও ঘরের ভেতর নোংরা থাকে। এ জন্য আমরা মাচা করে থাকছি। রান্না করতেও আমাদের ভীষণ কষ্ট হয়। কয়েক দিন ধরে ছেলেমেয়েদের ঠিকমতো খাবার দিতে পারছি না।’টেকনাফ চৌধুরীপাড়ার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নিম্নচাপটি কেটে লেগেও জোয়ারের সময় উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। বেড়িবাঁধ সংস্কার করা না হলে এ সমস্যার সমাধান হবে না। সরেজমিনে সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখা গেছে, জোয়ারের সময় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, সাইডপাড়া; সদর ইউনিয়নের খানকারপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া; সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া, মগপাড়া, পানছড়িপাড়া, লেজিরপাড়া, আছারবনিয়া, ডিগ্যাইল্যার বিল, ঝিনাপাড়া, ঘোলাপাড়া, হারিয়াখালী, বাহারছড়া, খোরেরমুখ, কাটাবনিয়া, কচুবনিয়া; শাহপরীর দ্বীপের ক্যাম্পপাড়া, উত্তরপাড়া, মিস্ত্রিপাড়া, দক্ষিণপাড়া, ঘোলাপাড়া, মাঝরপাড়া, পশ্চিমপাড়া; বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী, জাহাজপুরা, শামলাপুর; হ্নীলা ইউনিয়নের লেদা, আলীখালী, রঙ্গিখালী, জাদিমুরা, চৌধুরীপাড়া, নাটমোরাপাড়া, কাস্টমসপাড়া, ওয়াব্রাং, মৌলভীবাজার এবং হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী, ঝিমংখালী, লম্বাবিল, উলুবনিয়ায় পানি ঢুকে পড়ে। উত্তরপাড়ার আমনচাষি বশির আহমদ বলেন, ‘জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলাম। ফলনও ভালো হয়েছিল। কিন্তু ধান পাকার সঙ্গে সঙ্গে খেতে পানি ঢোকায় সব শেষ হয়ে গেছে।’ সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য এজাহার মিয়া বলেন, বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে শাহপরীর দ্বীপের অধিকাংশ এলাকা প্লাবিত হচ্ছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, এখন উপজেলার অধিকাংশ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কার করার ওপর গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের টেকনাফ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবু তালহা জানান, বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ এলে বেড়িবাঁধ সংস্কার করা হবে।