সকাল-সন্ধ্যা বিদ্যুৎ বন্ধ, চরম ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া নিউমার্কেট থেকে রহমান নগর পর্যন্ত আরেকটি নতুন সংযোগ লাইন নির্মাণ করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ কারণে প্রতিদিন সকাল-সন্ধ্যা শহরের সাতমাথা-শেরপুর সড়ক এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখা হচ্ছে। এতে গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এ ছাড়া সংযোগ লাইনের খুঁটি স্থাপন করা হচ্ছে শহরের প্রধান সাতমাথা-শেরপুর সড়কে।
পিডিবির বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের নিউমার্কেট এলাকায় পিডিবির বগুড়া কার্যালয়ের পাশে হলেও এত দিন এই এলাকায় বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর বদলে অন্য এলাকা থেকে সরবরাহ করা হতো। সম্প্রতি পিডিবি নিউমার্কেট এলাকা বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর আওতায় আনার সিদ্ধান্ত নেয়। বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হয় শহরের রহমান নগর থেকে। এ কারণে পিডিবি কর্তৃপক্ষ রহমান নগর থেকে শেরপুর-সাতমাথা সড়কের পূর্ব পাশ দিয়ে নিউমার্কেট পর্যন্ত সংযোগ লাইন নির্মাণ করছে।
গ্রাহকদের অভিযোগ, গত শনিবার থেকে টানা সকাল-সন্ধ্যা সংযোগ বন্ধ রাখা হচ্ছে। শহরের সাতমাথা থেকে রহমান নগর পর্যন্ত রয়েছে ক্লিনিক, হাসপাতাল, স্কুল-কলেজ, ব্যাংক-বিমাসহ নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান। দিনভর বিদ্যুৎ না থাকায় ব্যাংক-বিমায় গ্রাহকসেবা বিঘ্নিত হচ্ছে। ব্যবসায় সমস্যা হচ্ছে। এ ছাড়া সড়কের পাশে জলেশ্বরীতলা, সূত্রাপুর ও রহমান নগরে গড়ে ওঠা আবাসিক এলাকার বাসাবাড়িতে বিদ্যুতের অভাবে পানিসংকটে ভুগছে বাসিন্দারা।
গতকাল বৃহস্পতিবার সাতমাথা থেকে ইয়াকুবিয়া মোড় পর্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে, ইলেকট্রনিক পণ্যের শোরুমে দিনের বেলায়ও অন্ধকার বিরাজ করছে। একই চিত্র ব্যাংক-বিমার মতো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানেও দেখা গেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে নিজস্ব জেনারেটর চালু রাখা হয়।
শহরের সাতানীবাড়ি-সংলগ্ন হেলাল ম্যানশনে ট্রান্সকম ডিজিটালের শোরুম ব্যবস্থাপক শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত শনিবার থেকে বিদ্যুতের এই ভোগান্তি।
জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা হাসনাজাহান বলেন, ঘড়ির কাঁটায় ১০টা বাজলেই বিদ্যুৎ চলে যায়। সন্ধ্যা ছয়টার আগে বিদ্যুৎ মিলছে না।
সাতমাথা থেকে রহমান নগর পর্যন্ত সড়কের এক পাশে ফুটপাত ঘেঁষে আবার কোনো কোনো স্থানে ফুটপাতের ওপর খুঁটি স্থাপন করা হয়েছে। এতে ফুটপাতে পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছে। শহরের সাতানীবাড়ি মোড়ের দুই পাশে দুটি খুঁটি স্থাপন করা হয়েছে। এর মধ্যে মোড় থেকে সাতমাথার দিকের অংশের খুঁটি এবং ইয়াকুবিয়া মোড়ের দিকের অংশের খুঁটি সড়কের ওপর স্থাপন করা হয়েছে। মোড় থেকে ইয়াকুবিয়া স্কুলমুখী সড়কে বাঁক রয়েছে। বিদ্যুতের ওই খুঁটি স্থাপনের ফলে প্রায় ১০০ গজ দূরত্ব পর্যন্ত ফুটপাত ছাড়াও এখন থেকে সড়কের দু-তিন হাত অংশে যান চলাচলে সমস্যা হবে।
সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল বাসেদ বলেন, সড়কের ওপরের এই খুঁটি এখন মৃত্যুফাঁদ। রাত ১০টার পর এই সড়ক হয়ে বগুড়া ছাড়াও নওগাঁ, জয়পুরহাট এবং রংপুর বিভাগের দূরপাল্লার কোচ চলাচল করে। এতে দুর্ঘটনা ঘটতে পারে।
জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বগুড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম বলেন, সড়কের ওপর বিদ্যুতের খুঁটি স্থাপনের ব্যাপারে পিডিবি সওজকে কিছু জানায়নি।
পিডিবি বগুড়ার বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, কয়েক দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। মাইকিং করে গ্রাহকদের বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে। আগামীকাল শনিবারের মধ্যে ভোগান্তির অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। সড়কের ওপর খুঁটি স্থাপনের ব্যাপারে তিনি বলেন, সাতানীবাড়ি এলাকায় একটি খুঁটি সড়কের সামান্য ওপরে গেলেও সেখানে আগে থেকেই একটি খুঁটি ছিল। বিষয়টি খতিয়ে দেখা হবে।