সকাল হলেই দু্ই সিটির ভোট

কাল বৃহস্পতিবার সকাল হলেই শুরু হবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভোট গ্রহণ। নির্বাচন কমিশন (ইসি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করবে। ইতিমধ্যে নির্বাচন উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন উপলক্ষে দুই সিটিতেই ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন, নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, দুইটি ওয়ার্ডে উপনির্বাচন এবং ডিএসসিসির নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন সম্পন্ন করছে নির্বাচন কমিশন। বিজয়ীরা নির্বাচিত হবেন এক বছরের জন্য।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মেয়র পদের ব্যালট পেপার বুধবার ৩৬টি ওয়ার্ডে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় পুলিশি নিরাপত্তায় উত্তরের ১৮টি ওয়ার্ডের মেয়র ও কাউন্সিলর এবং দক্ষিণের ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদের ব্যালট পেপার পাঠানো হবে।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, প্রতি সাধারণ কেন্দ্রে বিভিন্ন বাহিনীর ১৯ জন করে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৩ জন করে ফোর্স মোতায়েন থাকবে।
এ ছাড়া নির্বাচনে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনাসার সমন্বয়ে মোট ২৭টি মোবাইল টিম নিয়োজিত আছে। এগুলোর ১৮টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। র্যাবের নিয়োজিত রয়েছে ২৭টিম, মোতায়েন করা হয়েছে ২৫ প্লাটুন বিজিবি।
নির্বাচনের আচরণবিধি প্রতিপালন ও অনিয়মের শাস্তি প্রদানে ৫৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন ২৪ জন।
ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সংবাদ সম্মেলনে বলেছেন, ভোটকেন্দ্রে কোনো অনিয়ম হলে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হবে। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থাও নেবেন।
ডিএনসিসির মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচ প্রার্থীর মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আতিকুল ইসলাম, জাতীয় পার্টির মো. শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান ও স্বতন্ত্র মো. আব্দুর রহিম।
ডিএনসিসির ১৮টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী রয়েছেন। ডিএসসিসির ১৮টি সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন।
ঢাকা উত্তরের ২১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ৯ নম্বর সাধারণ আসনে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে ৫৪টি ওয়ার্ডের ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন ভোটার ভোট দেওয়া সুযোগ পাবেন।
আর নতুন সৃষ্টি হওয়া ৩৭ থেকে ৫৪ নম্বর পর্যন্ত ১৮টি ওয়ার্ডে ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচনে ৫ লাখ ৯০ হাজার ৭০৫ জন ভোটার তাঁদের মেয়র ও কাউন্সিলর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
ডিএসসিসির ৫৮ থেকে ৭৫ নম্বর পর্যন্ত মোট ১৮টি সাধারণ ওয়ার্ডের ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচনে ৪ লাখ ৯৬ হাজার ৭৩৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
ঢাকা সিটির ভোট গ্রহণ ছাড়াও কাল বরগুনার আমতলী পৌরসভার সাধারণ নির্বাচন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনও হচ্ছে।