সকাল ১০টা থেকে মিছিল, কড়া নিরাপত্তা হোসেনি দালানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরা পালনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল মঙ্গলবার বিকেলে হোসেনি দালান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, গত বছর হোসেনি দালানে তাজিয়া মিছিল বের করার আগে অনাকাঙ্ক্ষিত বোমা হামলার ঘটনা ঘটেছিল। এবার এ ধরনের ঘটনা এড়াতে ডিএসসিসি, ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সব সংস্থা মিলে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। প্রতিটি অলিগলিতে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) ও এলইডি লাইট বসানো হয়েছে।
নিরাপত্তার কারণে এবার রাতের বেলা কোনো মিছিল হয়নি। মূল তাজিয়া মিছিল শুরু হবে আজ সকালে। সকাল ১০টা থেকে দুপুর থেকে মিছিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে বলে হোসেনি দালান কর্তৃপক্ষ জানিয়েছে। ডিএসসিসির মেয়র বলেন, শোকাবহ পরিবেশে শিয়া ও সুন্নি সম্প্রদায় যাতে কারবালার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন, তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।