সকাল ১০টার পর বারোটা বাজে ভোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২০ নম্বর আরজি কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারার পর তা বাক্সে ভরছেন এক ব্যক্তি। এতে সহযোগিতা করছেন এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। ছবি: তানজিল রাফি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২০ নম্বর আরজি কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারার পর তা বাক্সে ভরছেন এক ব্যক্তি। এতে সহযোগিতা করছেন এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। ছবি: তানজিল রাফি

কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, সংঘর্ষ—এই ছিল বরিশালের তিন উপজেলার নির্বাচনচিত্র।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের দৌরাত্ম্যের কাছে অনেকটাই অসহায় ছিলেন নির্বাচন কর্মকর্তারা। ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হলেও তা কোনো কাজে আসেনি। স্থানীয় পর্যবেক্ষক ও রাজনৈতিক কর্মীরা বলছেন, সকাল ১০টার পর নির্বাচনের বারোটা বাজে বরিশালে।
গতকাল শনিবার বরিশালের বাবুগঞ্জ, হিজলা ও মুলাদীতে ভোট হয়েছে। ভোট জালিয়াতির অভিযোগে বাবুগঞ্জে ২০টি কেন্দ্রে আবারও নির্বাচন দাবি করেছে বিএনপি। মুলাদীতে বেলা ১১টার দিকেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চার প্রার্থী। হিজলায়ও ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করেছে বিএনপি। বাবুগঞ্জ ও মুলাদীতে আজ আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি। সকালে বাবুগঞ্জে ভোট গ্রহণ শান্তিপূর্ণ থাকলেও ১০টার পর থেকেই পরিস্থিতি পাল্টে যায়। ১০টার আগে বিভিন্ন এলাকায় ঘুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোট দিতে দেখা গেছে। বিপুলসংখ্যক নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু ১০টার পর সরকারি দল-সমর্থকদের সঙ্গে অন্য প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আরজি কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সর্দার মো. খালেদ হোসেনের (কাপ-পিরিচ প্রতীক) সমর্থকেরা বুথে ঢুকে ব্যালট পেপারে সিল মারতে শুরু করেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাবের নেতৃত্বে তাঁর সমর্থকেরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে পাঁচজন আহত হন। প্রায় একই সময়ে বায়লাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্ির্থত প্রার্থীর কর্মীরা জোর করে ব্যালটে সিল মারার চেষ্টা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টরা বাধা দিয়ে ব্যর্থ হয়ে পুলিশ ডাকেন। পুলিশ সদস্যরা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করলে পুলিশের ওপর চড়াও হন সরকারি দলের কর্মীরা। অবশ্য এরই মধ্যে কয়েক শ ব্যালটে সিল মেরে বাক্সবন্দী করেন তাঁরা। খানপুরা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও বেলা ১১টার দিকে একই ঘটনা ঘটান আওয়ামী লীগ-সমর্থকেরা। খবর পেয়ে ওই কেন্দ্রে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। সেনাসদস্য ও পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আধা ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত থাকে। কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নুরুল হক জানান, ৬৬টি ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকিয়েছে সন্ত্রাসীরা। একই সময়ে ঠাকুরমল্লিক কেন্দ্রে দুটি ককটেল নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলি ফোটান বিএনপি-সমর্থকেরা। বাবুগঞ্জের ৩৫টি ভোটকেন্দ্রের অর্ধেকেই এ ধরনের ঘটনা ঘটেছে। ‘জোর করে ব্যালট পেপারে সিল মারার ক্ষেত্রে সরকারি দল-সমর্থকেরা অনেকটা গেরিলা কায়দার আশ্রয় নিয়েছে’ বলে মন্তব্য করেছেন একাধিক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। হঠাৎ করেই কয়েকজন কেন্দ্রে এসে ধমক দিয়ে জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এজেন্টরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বের করে দেওয়া হয়। তারপর দ্রুত সিল মেরে ব্যালট পেপার বাক্সে ভরে সবার সামনে দিয়েই বেরিয়ে যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে এ প্রতিবেদক কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে হইচই শুনে ভেতরে গিয়ে এক যুবককে উত্তেজিত অবস্থায় বেরিয়ে যেতে দেখেন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে থাকা অনেকগুলো ব্যালটে তখন সিল মারা। এজেন্টরা জানান, ওই যুবক জোর করে অনেকগুলো ব্যালটে সিল মেরে বাক্সে ভরছিলেন। সাংবাদিক আসার খবর পেয়ে বেরিয়ে গেছেন।

ওই কেন্দ্রে আরেকটি বুথে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থীর ব্যালটগুলো সব বাক্সে ফেলা হয়েছে। একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মেরে টেবিলের ওপর রাখা হয়েছে। বেলা দেড়টার দিকে আরজি কালিকাপুর কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি বুথেই ৮০ থেকে ১০০ ভাগ ভোট পড়েছে। অথচ সকালে পুলিশের গুলিবর্ষণের কারণে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় উপস্থিতি ছিল খুব কম। জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা কোনো জবাব না দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন।

ওই কেন্দ্রের আরেকটি বুথে গিয়ে দেখা যায়, এক তরুণ অনেকগুলো ব্যালটে সিল মেরে বাক্সে ভরছেন। তাঁকে সহায়তা করছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। বাবুগঞ্জের নির্বাচন নিয়ে বিএনপির বরিশাল জেলা সভাপতি এবাদুল হক চান অভিযোগ করেন, প্রশাসন নির্লজ্জভাবে সরকারি দলের সহায়তা করেছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের বিষয়ে অভিযোগ করতে গেলে উল্টো আমাদের কর্মীদের হয়রানি করা হয়েছে।’ জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার জানান, ২০টি কেন্দ্রে পুনর্নির্বাচন চেয়ে বিএনপির করা আবেদন তাঁরা পেয়েছেন। এটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে।

হিজলা ও মুলাদীতেও ভোট জালিয়াতির অভিযোগ: সকাল থেকে হিজলা ও মুলাদীতে ভোটের অবস্থা ছিল বাবুগঞ্জের মতো। বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি ছিল। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে পাল্টে যায় অবস্থা। সরকারি দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলে প্রায় একই সময়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন মুলাদীর চার চেয়ারম্যান প্রার্থী। এ উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তারিকুল হাসান খানের বিরুদ্ধে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলেন তাঁরা। বিএনপি-সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ছত্তার খান, বিএনপির বিদ্রোহী প্রার্থী বেল্লাল হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আ. মালেক মিয়া এবং নির্দলীয় আ. মজিদ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে বর্জনের ঘোষণা দেন। হিজলার মোট ৩০টি কেন্দ্রের বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ হয়েছে। হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন। সংঘর্ষ ও অনিয়মের কারণে সংহতি মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ বড়জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সংশোধনী: প্রতিবেদনটিতে ভুলবশত ভোলা সদর উপজেলা নির্বাচনের একটি কেন্দ্রের ছবি দেওয়া হয়েছিল। পরে তা সংশোধন করা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দুঃখিত।—বি. স