বরিশালের বানারীপাড়া ও উজিরপুরে গতকাল রোববার সকাল ১০টা পর্যন্ত ভোট গ্রহণ নির্বিঘ্নে চললেও এরপর পাল্টে যায় পরিস্থিতি।
দুপুরের মধ্যেই অর্ধেকের বেশি ভোট পড়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তারা। দুই উপজেলার ১৫টি কেন্দ্র ঘিরে এই চিত্র দেখা গেছে।
তবে দুপুরেই নির্বাচন স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানান দুই উপজেলার বিএনপি-সমর্থিত প্রার্থীরা।
সকাল থেকে দুই উপজেলায় ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। সকাল নয়টায় উজিরপুরের শিকারপুর ইউনিয়নের ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন, সাড়ে নয়টায় যোগিরকান্দা ও ভবানীপুর হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা গেছে। বেলা সাড়ে ১০টায় ওটরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্রলীগ-যুবলীগ এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যদের পোলিং বুথে বুথে ঢুকে প্রভাব বিস্তার করতে দেখা যায়।
জানতে চাইলে পরিচালনা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া এবং উপজেলা যুবলীগের সদস্য রিয়াজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ভোটারদের সহযোগিতা দেওয়ার জন্য কাজ করছি।’
বেলা সাড়ে ১১টায় শোলক ইউনিয়নের রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে দলের প্রার্থীর পক্ষে সিল মেরে বাক্সে ভরেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং ইউপি সদস্য রবিউল তালুকদারের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা। একপর্যায়ে সংবাদমাধ্যম ও সেনাসদস্যরা পৌঁছালে সিল দেওয়া ৪০০ শতাধিক ব্যালট পেপার বিক্ষিপ্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।
পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ওই ব্যালটগুলো বাতিল করেন প্রিসাইডিং কর্মকর্তা। ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রুনা লায়লা বলেন, ‘এই বুথে প্রায় ২০০ ব্যালটে সিল মারে। আমরা প্রতিবাদ করেও কিছু করতে পারিনি। তবে সেনাবাহিনী এসে বেশ কিছু ব্যালট বাতিল করেছে।’
উজিরপুরে বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল মাজেদ তালুকদার দুপুর পৌনে ১২টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে ৪০টি কেন্দ্রে অনিয়ম, দখল, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন। জাসদ-সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা।
বানারীপাড়া উপজেলায় দুপুর ১২টার মধ্যে অধিকাংশ কেন্দ্রেই দুই-তৃতীয়াংশ ভোট বাক্সে ভরা হয়েছে বলে অভিযোগ এসেছে।
প্রশাসনের সহযোগিতায় ভোটকেন্দ্র দখল, সিল মারা, এজেন্টকে মারধর করার অভিযোগ তুলেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মো. শাহ আলম মিঞা। দুপুর ১২টায় ভোট স্থগিত করার দাবি জানান তিনি। এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, দুটি অভিযোগের কথা শুনেছি। তাঁরা লিখিত অভিযোগ দিলে তা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে।