চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে কারচুপি ও গোলযোগের কারণে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকাল ১০টার মধ্যে সবগুলো ভোটকেন্দ্র দখল করে নেয়। কারচুপির ঘটনায় ইসলামী আন্দোলন, বাংলাদেশের মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
এ পৌরসভায় ৪০ হাজার ৫৩৬ জন ভোটার আছেন। মেয়র পদে তিনজন প্রার্থী ছিলেন।
স্থানীয় ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে ও সরেজমিনে দেখা গেছে, ভোট শুরু হওয়ার পর সকাল ১০টার মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আওলাদ হোসেনের কর্মী-সমর্থকেরা পৌরসভার সব কটি অর্থাৎ ২২টি ভোটকেন্দ্র দখল করে নেন। তাঁরা কেন্দ্রের ভেতর ঢুকে বিএনপির মেয়র প্রার্থী এনামুল হকের নির্বাচনী এজেন্টদের মারধর করে বের করে দেন। এরপর তাঁরা প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেন ও নৌকা মার্কায় সিল মারেন। এ সময় ভোটকেন্দ্র ও এর আশপাশে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। নানা গোলযোগের পর কেন্দ্রগুলো একেবারে ফাঁকা হয়ে যায়।
মতলব জেবি পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল বারেক বলেন, ওই ভোটকেন্দ্রে ভোটার ১ হাজার ৫২০ জন। সকাল নয়টার মধ্যেই আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ও মেয়র প্রার্থীর লোকজন জোর করে কেন্দ্রে প্রবেশ করেন। তাঁরা পুরো ভোটকেন্দ্র দখল করে তাঁর কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারেন। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েও কোনো কাজ হয়নি।
এ কেন্দ্রের ভোটার শাহিনা আক্তার বলেন, সকাল ১০টায় ওই কেন্দ্রে ভোট দিতে গিয়ে জানতে পারেন, তাঁর ভোট দেওয়া হয়ে গেছে।
বরদিয়া কাজি সুলতান আহম্মেদ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু আহম্মেদ বলেন, সরকারি দলের লোকেরা সকাল ১০টার মধ্যেই ওই কেন্দ্র দখলে নেয়। বাধা দিয়েও কাজ হয়নি। তাঁর হিসাবমতে, বহিরাগতরা ১ হাজার ৬০০ ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল দিয়েছে।
পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী এনামুল হক অভিযোগ করেন, সরকারি দলের নেতা-কর্মীরা ২২টি ভোটকেন্দ্র থেকেই তাঁর নির্বাচনী এজেন্টদের বের করে দিয়েছে। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি।
৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. বিল্লাল হোসেন প্রধান অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকেরা জোরপুল ফোরকানিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে ঢুকে তাঁর কর্মীদের ওপর হামলা চালায়। এতে তাঁর ছেলে মো. মনির হোসেন (২৮) গুরুতর জখম হন।
সকাল আটটা থেকে বেলা ১১টার মধ্যে পৌরসভার মতলব ডিগ্রি কলেজ, দক্ষিণ বাইশপুর, নবকলস, ঢাকিরগাঁও, চরনীলক্ষী, চরমুকুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দগরপুর আবদুল গণি ও মুন্সীরহাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকলেও বিনা বাধায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্রে ঢুকে তাঁদের দলীয় মেয়র প্রার্থীর মার্কায় সিল মারছেন।
ইউএনও ও মতলব পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারহানা ইসলাম বলেন, তিনি সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করেছেন। মুন্সীরহাট উচ্চবিদ্যালয় থেকে ব্যালট পেপার বাইরে এনে ফেলে রাখা হয়। এসব গোলযোগে এ ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
নির্বাচন বর্জন: ভোট কারচুপির অভিযোগে ইসলামী আন্দোলন, বাংলাদেশের মতলব পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী মুহাম্মদ মাসুদ মিয়াজী নির্বাচন বর্জন করেছেন। গতকাল বুধবার বেলা একটায় ওই সংগঠনের মতলব দক্ষিণ উপজেলা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, এটি নির্বাচনের নামে প্রহসন। এ প্রহসনের অংশ হতে চান না তিনি। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে নজিরবিহীন কারচুপি হয়েছে।